টেনিস দুনিয়ায় সিনার-রাজ! ফেডেরার-জকোভিচকে টপকে অনন্য বিশ্বরেকর্ড ইতালীয় তারকার

অস্ট্রেলিয়ান ওপেনের হতাশা কাটিয়ে হার্ড কোর্টে নিজের সম্রাজ্য পুনপ্রতিষ্ঠা করলেন জানিক সিনার। সোমবার ইন্ডিয়ান ওয়েলস টুর্নামেন্টের ফাইনালে দানিল মেদভেদেভকে হারিয়ে কেবল চ্যাম্পিয়নই হলেন না, গড়ে ফেললেন এক অবিশ্বাস্য বিশ্বরেকর্ড। বিশ্বের কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে হার্ড কোর্টে আয়োজিত সবক’টি (ছয়টি) এটিপি মাস্টার্স ১০০০ খেতাব জয়ের নজির গড়লেন এই ইতালীয় তরুণ।

২৪ বছর বয়সী সিনার এদিন ৭-৬(৬), ৭-৬(৪) ফলে মেদভেদেভকে স্ট্রেট সেটে পরাজিত করেন। এর আগে টেনিস কিংবদন্তি রজার ফেডেরার এবং নোভাক জকোভিচ এই কীর্তি গড়লেও তাঁদের বয়স ছিল যথাক্রমে ৩০ ও ৩১ বছর। সিনার মাত্র ২৪ বছরেই ইন্ডিয়ান ওয়েলস, মিয়ামি ওপেন, সিনসিনাটি ওপেন, সাংহাই মাস্টার্স, প্যারিস মাস্টার্স এবং কানাডিয়ান ওপেন জয় করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন।

রেকর্ডের এখানেই শেষ নয়; বিশ্বের প্রথম পুরুষ টেনিস তারকা হিসেবে টানা দুটি এটিপি মাস্টার্স ১০০০ খেতাব (প্যারিস ও ইন্ডিয়ান ওয়েলস) কোনো সেট না হেরেই জয়ের নজির গড়লেন সিনার। এই জয়ের ফলে এটিপি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা কার্লোস আলকারাজের সঙ্গে পয়েন্টের ব্যবধান অনেকটাই কমিয়ে আনলেন তিনি। অন্যদিকে, রানার্স-আপ হয়েও প্রথম দশে জায়গা নিশ্চিত করলেন রুশ তারকা দানিল মেদভেদেভ। জয়ের পর আবেগপ্রবণ সিনার জানান, প্রথম দিন থেকে করা কঠোর পরিশ্রমের ফল পেয়ে তিনি দারুণ খুশি।