রাস্তায় পিছু নিল যান্ত্রিক দানব! রোবটের তাড়া খেয়ে হাসপাতালে মহিলা, গ্রেফতার ‘ধাতব’ আসামী

রাস্তা দিয়ে হাঁটার সময় মোবাইল ফোনে মগ্ন ছিলেন এক মহিলা। হঠাৎ তাঁর মনে হয়, কেউ যেন নিঃশব্দে তাঁর পিছু নিয়েছে। সন্দেহ দানা বাঁধতেই থমকে দাঁড়িয়ে পিছনে তাকাতেই মহিলার রক্ত হিম হয়ে যাওয়ার জোগাড়! সামনেই দু’হাত তুলে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত মূর্তি। না, কোনো মানুষ বা পরিচিত প্রাণী নয়, সেটি ছিল ৪ ফুট ৪ ইঞ্চির একটি ধাতব রোবট। যান্ত্রিক মানুষের এই আকস্মিক আবির্ভাবে এতটাই আতঙ্কিত হয়ে পড়েন ওই মহিলা যে, শেষ পর্যন্ত তাঁকে হাসপাতালেও নিয়ে যেতে হয়।
চিনের ম্যাকাওতে ঘটা এই বিরল ঘটনাটি ঘিরে বিশ্বজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, জনৈক মধ্যবয়স্ক ব্যক্তি তাঁর তৈরি রোবটটি রাস্তায় বের করে পরীক্ষার কাজ (Testing) চালাচ্ছিলেন। রড ও ধাতব পাত দিয়ে তৈরি সেই রোবটটি মহিলার ঠিক পিছনে গিয়ে হাত তুলে দাঁড়াতেই বিপত্তি ঘটে। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাস্থলে উপস্থিত দুই পুলিশকর্মী তৎক্ষণাৎ ওই মহিলাকে ভয় দেখানোর অভিযোগে রোবটটিকে ‘আটক’ করে নিয়ে যান। এটিই সম্ভবত বিশ্বে প্রথম কোনো রোবটকে পুলিশের পাকড়াও করার ঘটনা। আতঙ্কিত মহিলাকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, তবে এই যান্ত্রিক আতঙ্ক নিয়ে সরগরম নেটপাড়া।