‘ভোটের ফলে সবার গ্যাস বেরিয়ে যাবে!’ এলপিজি ইস্যুতে মমতার মিছিলকে নজিরবিহীন কটাক্ষ দিলীপের

নির্বাচনের প্রাক্কালে রান্নার গ্যাসের (LPG) মূল্যবৃদ্ধি এবং আকাল নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রাজপথে তাঁর ‘মহামিছিল’-এর পাল্টা দিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আক্রমণ শানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মেদিনীপুরের প্রাক্তন সাংসদ সাফ জানান, গ্যাসের সমস্যা নিয়ে যারা আজ প্রতিবাদ করছে, ভোটের ফল বেরোলে তাদের ‘গ্যাস’ বেরিয়ে যাবে।

দিলীপ ঘোষের দাবি, বর্তমান পরিস্থিতি একটি সাময়িক সমস্যা এবং এর প্রভাব সারা বিশ্বজুড়েই পড়েছে। তিনি প্রতিবেশী দেশগুলোর বর্তমান শোচনীয় অবস্থার কথা মনে করিয়ে দিয়ে বলেন, “একটু পাশের দেশগুলোর খোঁজ নিন, সেখানে গ্যাসের কী অবস্থা। আপনারা এখানে দিব্যি তেলে-জলে আছেন বলেই এত লাফাচ্ছেন।” তাঁর সংযোজন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আছেন বলেই মানুষ শান্তিতে আছেন, নয়তো দেশে হাহাকার পড়ে যেত। তৃণমূল ইচ্ছাকৃতভাবে ক্রাইসিস তৈরি করে মানুষকে ভয় দেখাচ্ছে।”