অস্কারের ৯৮ বছরের ইতিহাসে বিরলতম ঘটনা! একই পুরস্কার জিতলেন দুই তারকা, মঞ্চে হুলস্থুল

৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চ সাক্ষী থাকল এক অবিশ্বাস্য ও বিরলতম মুহূর্তের। অস্কারের দীর্ঘ ৯৮ বছরের ইতিহাসে যা ঘটেছে মাত্র ৭ বার, ২০২৬-এর মঞ্চে তারই পুনরাবৃত্তি হলো। ‘সেরা লাইভ-অ্যাকশন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র’ (Best Live-Action Short Film) বিভাগে নাম ঘোষণা করতে এসে উপস্থাপক কুমাইল নানজিয়ানি যা বললেন, তাতে এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল গোটা প্রেক্ষাগৃহ। নানজিয়ানি ঘোষণা করেন, “ফলাফল টাই হয়েছে! আমি কিন্তু মজা করছি না, সত্যিই টাই হয়েছে।”

উপস্থাপকের মুখে ‘টাই’ শব্দটি শুনে উপস্থিত দর্শকরা প্রথমে বিভ্রান্ত হয়ে পড়েন। পরিস্থিতি সামাল দিয়ে নানজিয়ানি বলেন, “সবাই শান্ত হোন, আমরা সামলে নিচ্ছি।” এরপর একে একে দুই বিজেতার নাম ঘোষণা করা হয়। এই বছর ‘দ্য সিঙ্গার্স’ (The Singers) এবং ‘টু পিপল এক্সচ্যাঞ্জিন সালাইভা’ (Two People Exchanging Saliva)—উভয় চলচ্চিত্রই যৌথভাবে অস্কার জয় করে ইতিহাস গড়েছে।

অস্কারের ইতিহাসে এর আগে ১৯৩২ সালে প্রথমবার সেরা অভিনেতার বিভাগে টাই হয়েছিল। তবে সবচেয়ে চর্চিত ঘটনা ছিল ১৯৬৯ সালের, যখন ক্যাথরিন হেপবার্ন ও বারবারা স্ট্রাইস্যান্ড যৌথভাবে সেরা অভিনেত্রীর অস্কার জিতেছিলেন। এরপর ২০১৩ সালে ‘স্কাইফল’ এবং ‘জিরো ডার্ক থার্টি’র সাউন্ড এডিটিং বিভাগে টাই হওয়ার পর থেকে দর্শকরা এমন ঘটনার জন্য প্রস্তুত ছিলেন না। ২০২৬ সালের এই ঐতিহাসিক মুহূর্তটি অস্কারের নথিতে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।