রাজ্যসভা ভোটে ‘রিসর্ট পলিটিক্স’! বিধায়ক পিছু ছুটছে কোটি টাকা ও ব্ল্যাঙ্ক চেক, উত্তপ্ত ৩ রাজ্য

দেশের ১০ রাজ্যের ৩৭টি রাজ্যসভা আসনের ভবিষ্যৎ নির্ধারিত হচ্ছে আজ। পশ্চিমবঙ্গসহ ৭টি রাজ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিশ্চিত হলেও, বিহার, ওড়িশা ও হরিয়ানার একটি করে অতিরিক্ত আসন নিয়ে লড়াই এখন তুঙ্গে। আর এই লড়াইকে কেন্দ্র করেই ভারতীয় রাজনীতিতে ফিরে এসেছে কুখ্যাত ‘রিসর্ট রাজনীতি’। ক্রস-ভোটিং এবং ঘোড়া কেনাবেচার ভয়ে নিজেদের বিধায়কদের কার্যত ‘বন্দি’ করে রেখেছে বিভিন্ন রাজনৈতিক দল।
সবচেয়ে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে ওড়িশায়। সেখানে চতুর্থ আসনটি দখল করতে বিজেপিকে আটকাতে জোট বেঁধেছে নবীন পট্টনায়কের বিজেডি এবং কংগ্রেস। এক কংগ্রেস বিধায়ক নিখোঁজ হওয়ার জেরে শোরগোল পড়ে গিয়েছে। অন্যদিকে, বেঙ্গালুরুর একটি রিসর্টে কংগ্রেস বিধায়কদের ফাঁকা চেক (Blank Check) দিয়ে প্রলোভন দেখানোর অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। হরিয়ানাতেও ছবিটা একই—বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী সতীশ নন্দলকে রুখতে কংগ্রেস তাদের ৩১ জন বিধায়ককে শিমলা ও কসৌলির রিসর্টে লুকিয়ে রেখেছে।
বিহারে ৫টি আসনের মধ্যে ৪টিতে এনডিএ-র জয় নিশ্চিত হলেও পঞ্চম আসনটি নিয়ে নীতীশ কুমার ও তেজস্বী যাদবের মধ্যে চলছে স্নায়ুযুদ্ধ। এনডিএ-র ৩ জন এবং বিরোধী জোটের ৬ জন বিধায়কের সমর্থন প্রয়োজন। এই অবস্থায় ওয়েইসির মিম (AIMIM) আরজেডি-কে সমর্থনের ইঙ্গিত দেওয়ায় লড়াই আরও জমে উঠেছে। রাজ্যসভা ভোটে দলগুলি ‘হুইপ’ জারি করতে পারে না বলেই বিধায়কদের মন বদলাতে মরিয়া সব পক্ষ। আজ বিকেল ৫টায় ভোট গণনার পরই স্পষ্ট হবে, রিসর্ট রাজনীতির চালে শেষ হাসি কে হাসবে।