“মাত্র ১০ মিনিটে তৈরি হবে খাবার”-ব্রেকফাস্টে তৈরি করুন হাই-প্রোটিন চিলা, জেনেনিন পদ্ধতি

সকালের শুরুটা যদি পুষ্টিকর হয়, তবে সারাটা দিন কাটে চনমনে। কিন্তু ব্যস্ততার সকালে সময় কোথায়? তাই শরীরচর্চা প্রেমী থেকে অফিস যাত্রী—সবার জন্য সেরা সমাধান হতে পারে সয়া-ডিম চিলা। প্রচুর পরিমাণে প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ এই পদটি যেমন দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে, তেমনই এটি তৈরি করাও খুব সহজ।
প্রয়োজনীয় উপকরণ:
-
সয়াবিনের টুকরো: ১০০ গ্রাম (সেদ্ধ করা)
-
ডিম: ২টি
-
পেঁয়াজ ও গাজর: মিহি করে কাটা (পছন্দমতো টমেটো ও ক্যাপসিকামও নিতে পারেন)
-
কাঁচা লঙ্কা: ২-৩টি (ঝাল অনুযায়ী)
-
মশলা: হলুদ, গরম মশলা ও গোলমরিচ গুঁড়ো (১/৪ চা চামচ করে)
-
অন্যান্য: বেসন (বাইন্ডিং-এর জন্য), কারি পাতা, আদা-রসুন বাটা এবং ২ চা চামচ তেল।
তৈরির সহজ পদ্ধতি:
১. প্রস্তুতি: প্রথমে সয়াবিনগুলো গরম জলে ভাপিয়ে নরম করে নিন। জল পুরোপুরি ঝরিয়ে মিক্সারে একবার ঘুরিয়ে দানা দানা করে নিতে পারেন অথবা মিহি করে চটকে নিন।
২. মিশ্রণ তৈরি: একটি বড় পাত্রে সেদ্ধ সয়াবিন ও দুটি ডিম ভেঙে নিন। এতে আদা-রসুন-লঙ্কা বাটা, সমস্ত কুচানো সবজি এবং মশলাগুলো দিয়ে দিন।
৩. বাইন্ডিং: মিশ্রণটি সঠিক ঘনত্বে আনতে সামান্য বেসন মিশিয়ে ভালো করে মেখে নিন। ৪. ভাজা: ফ্রাইং প্যানে সামান্য তেল ব্রাশ করে মিশ্রণটি গোল করে ছড়িয়ে দিন।
৫. সেঁকা: অল্প আঁচে ৫-৭ মিনিট ঢাকা দিয়ে রান্না করুন। এক পিঠ লালচে হয়ে এলে সাবধানে উল্টে দিন। অন্য দিকটিও মুচমুচে ও সোনালী করে ভেজে নিন।
ব্যাস! তৈরি আপনার সুপার হেলদি সয়া-ডিম চিলা। ধনেপাতার চাটনি বা টমেটো সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।
এডিটরস টিপস: যারা ওজন কমাতে চাইছেন, তারা তেলের বদলে অলিভ অয়েল বা ব্রাশ করা ঘি ব্যবহার করতে পারেন। এতে স্বাদ ও স্বাস্থ্য বজায় থাকবে ষোলোআনা।