নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতেই ফুল ফর্মে বিজেপি! প্রার্থী তালিকা চূড়ান্ত করতে দিল্লিতে জরুরি তলব বঙ্গ নেতাদের

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই ময়দানে কোমর বেঁধে নেমে পড়ল ভারতীয় জনতা পার্টি। রবিবার বিকেলেই নিউ টাউনের একটি হোটেলে রাজ্যের শীর্ষ নেতৃত্ব ও কেন্দ্রীয় পর্যবেক্ষকদের নিয়ে ম্যারাথন বৈঠকে বসে বিজেপি। চার ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই হাই-ভোল্টেজ বৈঠকে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এছাড়াও সুনীল বনসল ও ভূপেন্দ্র যাদবের মতো কেন্দ্রীয় পর্যবেক্ষকদের উপস্থিতিতে বাকি ১৩৯টি আসনের প্রার্থী তালিকা এবং নির্বাচনী কৌশল নিয়ে দীর্ঘ আলোচনা হয়।
সূত্রের খবর, যখন নিউ টাউনে বৈঠক চলছিল, ঠিক তখনই দিল্লি থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রাজ্যের ২৯৪টি আসনে দুই দফায় ভোটের দিনক্ষণ ঘোষণা করেন। নির্বাচনের দিনক্ষণ জানার পর বিজেপি নেতারা প্রচারের ব্লু-প্রিন্ট এবং প্রার্থী বাছাইয়ের কাজকে আরও ত্বরান্বিত করেন। এর আগে গত ১২ মার্চ দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে প্রায় ১৫৫টি আসনের প্রার্থীর নাম প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছিল। বাকি আসনগুলি নিয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাতে রবিবার রাতেই দিল্লি রওনা দিয়েছেন সুকান্ত মজুমদার, সোমবার সকালে যাওয়ার কথা শমীক ভট্টাচার্যেরও।
বিজেপি নেতৃত্ব সম্প্রতি কলকাতায় ব্রিগেডের বিশাল সমাবেশ এবং ‘পরিবর্তন যাত্রা’র সাফল্যকে হাতিয়ার করে এবারের লড়াইয়ে ঝাঁপাতে চাইছে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, প্রথম দফায় ১৫২টি আসন এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে। আগামী ৪ মে নির্ধারিত হবে বাংলার ভাগ্য। হাতে সময় কম থাকায় দিল্লি থেকে ফিরেই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বিজেপি। দিল্লি বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্বের সবুজ সংকেত মিললেই বাংলার নির্বাচনী লড়াইয়ে চূড়ান্ত আক্রমণ শুরু করবে গেরুয়া শিবির।