দাউদাউ করে জ্বলছে হাসপাতাল! কটকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ রোগীর মৃত্যু, ফিরল ‘আমরি’র স্মৃতি

২০১১ সালের ঢাকুরিয়া আমরি হাসপাতালের সেই অভিশপ্ত ভোরের স্মৃতি ফিরে এল ওড়িশার কটকে। রবিবার ভোররাতে কটকের বিখ্যাত এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটের আইসিইউ-তে লাগা বিধ্বংসী আগুনে অন্তত ১০ জন রোগীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। যখন অধিকাংশ রোগী গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন, ঠিক তখনই ভোর তিনটে নাগাদ দাউদাউ করে জ্বলে ওঠে হাসপাতালের জরুরি বিভাগ। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় একের পর এক তলা।
অসহায় রোগীরা বিছানা ছেড়ে পালানোর সুযোগটুকুও পাননি। হাসপাতাল সূত্রের খবর, ১০ জন মৃতের মধ্যে কেউ কেউ অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছেন, আবার কেউ আইসিইউ-র বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় ৫ জন রোগীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং বেশ কয়েকজন হাসপাতাল কর্মী গুরুতর আহত হয়েছেন। দমকল বাহিনী কাচের জানালা ভেঙে ভেতরে ঢুকে উদ্ধারকাজ চালালেও ধোঁয়া এবং আগুনের তীব্রতায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে।
ঘটনার খবর পেয়েই ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি হাসপাতাল পরিদর্শন করেন এবং হতাহতদের পরিবারের সঙ্গে দেখা করেন। তিনি নিহতদের পরিবারের জন্য ২৫ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। রাজ্য স্বাস্থ্য সচিব ও জেলা কালেক্টর ঘটনার তদন্তভার হাতে নিয়েছেন। আগুন ঠিক কীভাবে লাগল, তা এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট নাকি অন্য কোনও গাফিলতি, তা খতিয়ে দেখছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। এই ভয়াবহ ঘটনা আবারও হাসপাতালের অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দিল।