রাজ্যসভা নির্বাচনের হাইভোল্টেজ লড়াই! ১০ রাজ্যের ৩৭ আসনে ভোট আজ, নজরে হেভিওয়েট প্রার্থীরা

দেশের রাজনীতির অলিন্দে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। সোমবার সকাল ৯টা থেকেই শুরু হয়েছে ১০ রাজ্যের ৩৭টি আসনে রাজ্যসভা নির্বাচনের মহাযুদ্ধ। বিকেল ৪টে পর্যন্ত চলবে ভোটগ্রহণ এবং এরপর ৫টা থেকেই শুরু হবে ভাগ্য নির্ধারণের পালা অর্থাৎ ভোট গণনা। পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, হরিয়ানা এবং মহারাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলির সাংসদদের মেয়াদ শেষ হচ্ছে এপ্রিলেই। ইতিমধেই লড়াইয়ের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গিয়েছেন ২৬ জন প্রার্থী। আজ মূল লড়াই অবশিষ্ট ১১টি আসনের জন্য।

বাংলার রাজনীতিতে এবার রাজ্যসভা নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তৃণমূল কংগ্রেসের তরফে প্রাক্তন পুলিশকর্তা রাজীব কুমার, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক এবং বিশিষ্ট আইনজীবী মেনকা গুরুস্বামী প্রার্থী হয়েছেন। অন্যদিকে বিজেপির তুরুপের তাস রাহুল সিনহা। এই হেভিওয়েট প্রার্থীদের জয় নিয়ে রাজনৈতিক মহলে উৎসাহ তুঙ্গে। বিহারে নজর কেড়েছেন দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন।

তবে ভোট ঘিরে ‘ক্রস-ভোটিং’ ও ‘ঘোড়া কেনাবেচার’ আশঙ্কাও দানা বেঁধেছে। বিশেষ করে বিহার, হরিয়ানা এবং ওড়িশায় এনডিএ বনাম বিরোধী জোটের লড়াই এখন শেয়ানে শেয়ানে। বিহারে জয়ের জন্য প্রয়োজন ৪১টি ভোট, যেখানে তেজস্বী যাদবের আরজেডি-কে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে এআইএমআইএম। ওড়িশাতেও চতুর্থ আসনটি নিয়ে বিজেপি ও বিজেডির মধ্যে স্নায়ুযুদ্ধ অব্যাহত। পরিস্থিতি এমনই যে, বিধায়কদের ভাঙন রুখতে অনেক দলই তাঁদের রিসর্টে বন্দি করে রেখেছে। এখন দেখার, সন্ধ্যার গণনায় কার ম্যাজিক ফিগার নবান্ন বা দিল্লির মসনদকে শক্তিশালী করে।