বঙ্গে ভোটের দামামা! ২ দফায় ২৯৪ আসনে নির্বাচন, মে মাসেই জানা যাবে কার দখলে নবান্ন

অপেক্ষার অবসান। অবশেষে ঘোষিত হলো পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, এবার রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে মোট ২ দফায় ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রথম দফায় ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে আগামী ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফায় বাকি ১৪২টি আসনে ভোট হবে ২৯ এপ্রিল। আগামী ৪ মে নির্ধারিত হবে বাংলার ভাগ্য, ওই দিনই হবে ভোট গণনা।

নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন ও স্বাগত জানিয়েছে রাজ্য বিজেপি। নির্ঘণ্ট ঘোষণার পরেই রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন শাসকদল তৃণমূল কংগ্রেসকে। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেন, “আমরা নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। বাংলার মানুষ এই বর্তমান সরকারকে বিসর্জন দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে আছেন।”

এখানেই থামেননি শমীক ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক কিছু মন্তব্যের দিকে আঙুল তুলে তিনি বলেন, “মুখ্যমন্ত্রী একটি নির্দিষ্ট সম্প্রদায়কে দিয়ে অপর সম্প্রদায়কে ধ্বংস করার হুমকি দিয়েছেন, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তবে মানুষ সব দেখছে।” শাসকদলকে বিঁধে তাঁর সাফ কথা, “তৃণমূলের গল্প এবার শেষ।” ভোট ঘোষণার পর থেকেই রাজনৈতিক মহলে পারদ চড়তে শুরু করেছে। এখন দেখার, ৪ মে ইভিএম বক্স খোলার পর শেষ হাসি কে হাসে।