পকেটে টান! ১ এপ্রিল থেকে হাইওয়েতে সফর মহার্ঘ, বাড়ছে FASTag বার্ষিক পাসের দাম

জাতীয় সড়কে যাতায়াতকারী ব্যক্তিগত গাড়ি চালকদের জন্য দুঃসংবাদ। আগামী ১ এপ্রিল, ২০২৬ থেকে FASTag বার্ষিক পাসের ফি বাড়াতে চলেছে ভারতের জাতীয় সড়ক কর্তৃপক্ষ (NHAI)। ২০২৬-২৭ অর্থবছর থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে। সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রক জানিয়েছে, বর্তমান বার্ষিক ফি ৩,০০০ টাকা থেকে বাড়িয়ে ৩,০৭৫ টাকা করা হচ্ছে। অর্থাৎ, বছরে আপনাকে অতিরিক্ত ৭৫ টাকা খরচ করতে হবে।

কেন বাড়ছে এই ফি? জাতীয় সড়ক ফি (নির্ধারণ ও সংগ্রহ) বিধি, ২০০৮-এর অধীনে থাকা নিয়মাবলী মেনেই এই বার্ষিক মূল্য সংশোধন করা হয়েছে। দেশজুড়ে প্রায় ১,১৫০টি টোল প্লাজায় এই নতুন হার কার্যকর হবে। বর্তমানে ভারতে ৫৬ লক্ষেরও বেশি মানুষ এই পাসের সুবিধা গ্রহণ করেন। বিশেষ করে অ-বাণিজ্যিক এবং ব্যক্তিগত যানবাহনের ক্ষেত্রে এই পাস অত্যন্ত জনপ্রিয়।

এককালীন পেমেন্টের সুবিধা FASTag বার্ষিক পাসের সবথেকে বড় সুবিধা হল ঘন ঘন রিচার্জ করার ঝামেলা থেকে মুক্তি। একবার ৩,০৭৫ টাকা দিয়ে পাসটি কিনলে তা পুরো এক বছরের জন্য বৈধ থাকে। তবে একটি শর্ত রয়েছে— হয় এক বছর সময়সীমা, অথবা ২০০টি টোল প্লাজা অতিক্রম করা (যেটি আগে হবে), ততক্ষণ পর্যন্ত এই পাস কাজ করবে।

অ্যাক্টিভেশন পদ্ধতি পাসটি সক্রিয় করা এখন আগের চেয়েও সহজ। গাড়ি মালিকরা চাইলে ‘রাজমার্গ যাত্রা’ অ্যাপ অথবা NHAI-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই এককালীন ফি জমা দিতে পারেন। টাকা জমা দেওয়ার প্রায় দুই ঘণ্টার মধ্যেই গাড়ির বিদ্যমান FASTag-এর সাথে এই বার্ষিক পাসটি লিঙ্ক হয়ে যায়। উল্লেখ্য, ২০২৫ সালের ১৫ আগস্ট প্রথম এই বার্ষিক পাস প্রকল্পটি চালু করা হয়েছিল, যা হাইওয়েতে যাতায়াতকে আরও দ্রুত ও স্বচ্ছন্দ করেছে।