মে মাসেই নবান্নে নতুন সরকার? রাইটার্স থেকে রাজত্ব করার বড় ঘোষণা বিজেপি সভাপতির!

রবিবার নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করার পরেই রাজ্যে রাজনৈতিক উত্তাপ চরমে পৌঁছেছে। মুখ্যমন্ত্রীর ঘোষিত ভাতা এবং বকেয়া ডিএ-র পাল্টা দিয়ে এবার তৃণমূল সরকারের ‘বিসর্জনের কাউন্টডাউন’ শুরু করে দিলেন বিজেপি-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর দাবি, রাজ্যের মানুষ এবার শাসক দলকে বিদায় দেওয়ার জন্য প্রস্তুত এবং মে মাসের দ্বিতীয় সপ্তাহেই পশ্চিমবঙ্গ এক নতুন সরকার দেখতে পাবে।

আদর্শ আচরণবিধি জারি হওয়ার ঠিক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরোহিত ও মোয়াজ্জেম ভাতা বৃদ্ধি এবং বকেয়া ডিএ মেটানোর যে ঘোষণা করেছেন, তাকে কড়া ভাষায় আক্রমণ করেছেন শমীক। তিনি বলেন, “৫০০ বা ১০০০ টাকা বাড়িয়ে আর নির্বাচনী বৈতরণী পার হওয়া সম্ভব নয়। মানুষ বুঝে গিয়েছেন এসবই তাঁদের টাকা। যাঁদের ভাতা দেওয়া হচ্ছে, তাঁরাও জানেন ভোট লুঠ আর হিংসার পরিবেশ থেকে মুক্তি প্রয়োজন।” তিনি আরও যোগ করেন যে, বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই সপ্তম পে কমিশনের আওতায় ডিএ প্রদান এবং ‘অন্নপূর্ণা লক্ষ্মীর ভাণ্ডার’-এর মাধ্যমে মহিলাদের মাসে ৩০০০ টাকা দেওয়ার কাজ শুরু হবে।

শমীক ভট্টাচার্যের আত্মবিশ্বাসী দাবি, “ভোটগণনার ৪২ দিন পরেই অর্থাৎ মে মাসেই রাইটার্স বিল্ডিং থেকে বিজেপি সরকার পরিচালনা করবে।” তৃণমূলের যাবতীয় পদক্ষেপকে ‘নির্বাচনী গিমিক’ আখ্যা দিয়ে তিনি বলেন যে, বিভাজন এবং হিংসার রাজনীতি করে এবার আর পার পাওয়া যাবে না। ভোটাররা ইভিএমে বোতাম টিপেই শাসক দলের বিসর্জন নিশ্চিত করবেন। কমিশন এবার রাজ্যে দুই দফায় নির্বাচন করার যে সিদ্ধান্ত নিয়েছে, তাতেও মানুষ নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।