ইভিএমে প্রার্থীর ঝকঝকে ফটো! ৩৫ বছর পর দুই দফায় ভোট বঙ্গে, ঐতিহাসিক সিদ্ধান্ত দিল্লির

প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে ভোটের ধরণ। এবার আর অস্পষ্ট সাদা-কালো ছবি দেখে ধাঁধায় পড়তে হবে না ভোটারদের। ভারতের নির্বাচন কমিশন এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে— ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমের (EVM) ব্যালট পেপারে এবার প্রার্থীদের ঝকঝকে রঙিন ছবি থাকবে। এর আগে বিহারে এই পরীক্ষা সফল হওয়ার পর এবার পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে এই নতুন ব্যবস্থা কার্যকর হচ্ছে।

নতুন নির্দেশিকা অনুযায়ী, ইভিএমের ব্যালট পেপারে প্রার্থীর মুখের ছবি তিন-চতুর্থাংশ জায়গা দখল করবে, যাতে ভোটাররা অতি সহজে নিজের পছন্দের প্রার্থীকে চিনে নিতে পারেন। নামের ফন্ট হবে বড় এবং বোল্ড, সিরিয়াল নম্বরেও আনা হয়েছে পরিবর্তন। এছাড়া, থাকছে ‘নোটা’ (NOTA) বা কাউকেই পছন্দ নয় এমন বিকল্পটিও। নোটার সিরিয়াল নম্বরও এখন বড় ফন্টে মুদ্রিত হবে যাতে ভোটারদের কোনো বিভ্রান্তি না থাকে।

তবে শুধু প্রযুক্তি নয়, প্রশাসনিকভাবেও নজির গড়েছে কমিশন। ৩৫ বছরের রেকর্ড ভেঙে পশ্চিমবঙ্গে এবার মাত্র দুই দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৩ এপ্রিল প্রথম দফায় ১৫২টি আসন এবং ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে। রাজনৈতিক মহলের মতে, কম দফায় ভোট করার মাধ্যমে ‘এক জাতি এক নির্বাচন’-এর বার্তা দিতে চাইছে কমিশন। বিরোধী দলগুলি দীর্ঘকাল ধরেই কম দফায় ভোটের দাবি জানাচ্ছিল, যাতে রাজনৈতিক হিংসার কারিগররা এক এলাকা থেকে অন্য এলাকায় যাওয়ার সময় না পায়। আগামী ৪ মে নির্ধারিত হবে বাংলার ভাগ্য।