‘আর আলাদা রাজ্যের ললিপপ চলবে না!’ উত্তরের ৩ আসনে প্রার্থী দিয়ে বিজেপি-কে ওপেন চ্যালেঞ্জ অনীত শিবিরের

রবিবার বিকেলে জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করার কয়েক ঘণ্টার মধ্যেই বড় চাল দিলেন অনীত থাপা। পাহাড়ের রাজনীতিতে নিজেদের আধিপত্য বজায় রাখতে সবার আগে দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং— এই তিন আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (BGPM)। এই প্রথমবার বিধানসভা নির্বাচনে নিজেদের দলীয় প্রতীক ‘মোমবাতি’ নিয়ে লড়াইয়ে নামছে অনীতের দল।
অনীত থাপার শিবির থেকে জানানো হয়েছে, দার্জিলিং আসনে লড়াই করবেন বিজয় রাই, কার্শিয়াং থেকে অমর লামা এবং কালিম্পং আসনের জন্য বর্তমান বিধায়ক রুদেন সাদা লেপচাকেই ফের প্রার্থী করা হয়েছে। বর্তমানে জিটিএ-র (GTA) চিফ এগজিকিউটিভ পদে থাকা অনীত থাপা পাহাড়ের উন্নয়নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। সেই উন্নয়নের ফসল ঘরে তুলতেই এবার আত্মবিশ্বাসের সঙ্গে লড়াইয়ে নামছে তাঁর দল।
দলের মুখপাত্র শক্তিপ্রসাদ শর্মা সাফ জানিয়েছেন, “আমরা আগেই বলেছিলাম এবার নিজেদের চিহ্নে লড়ব। পুরসভা, পঞ্চায়েত ও জিটিএ নির্বাচনে মানুষ আমাদের জয়ী করেছে। পাহাড়বাসী আর বিজেপির ‘আলাদা রাজ্যের ললিপপ’ খাবেন না।” রাজনৈতিক মহলের মতে, পাহাড়ের মানুষ এখন আন্দোলনের বদলে শান্তি ও পর্যটনকে প্রাধান্য দিচ্ছেন। গত কয়েক বছরে পাহাড়ের স্থিতিশীল পরিবেশ অনীত থাপাকে অনেকটাই সুবিধাজনক অবস্থানে রেখেছে। তবে নিজেদের প্রতীকে লড়ে পাহাড়ের তিনটি আসনই কি তারা পকেটে পুরতে পারবে? এখন সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য।