আবারও মুখোমুখি ‘মাননীয়া’ ও শুভেন্দু? নন্দীগ্রাম না ভবানীপুর— কোথা থেকে লড়বেন বিরোধী দলনেতা?

২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই বাংলার রাজনীতির পারদ আকাশচুম্বী। বিশেষ করে আলোচনার কেন্দ্রে এখন একটাই নাম— শুভেন্দু অধিকারী। ২০২১-এর সেই হাই-ভোল্টেজ ‘নন্দীগ্রাম যুদ্ধ’ কি ফের ফিরে আসতে চলেছে? রবিবার ভোটের দিনক্ষণ ঘোষণার পর শুভেন্দু অধিকারীর মন্তব্য সেই জল্পনাকেই উসকে দিল। ভবানীপুর না কি আবারও নিজের গড় নন্দীগ্রাম— কোথা থেকে লড়বেন তিনি? এই প্রশ্নের জবাবে বড়সড় ইঙ্গিত দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।
শুভেন্দু অধিকারী এদিন আত্মবিশ্বাসের সুরে বলেন, “আমি আবারও মাননীয়াকে হারাতে প্রস্তুত।” তাঁর এই মন্তব্য ঘাসফুল শিবিরের জন্য যে বড় চ্যালেঞ্জ, তা বলার অপেক্ষা রাখে না। ২০২১ সালের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে হারিয়ে ‘জায়ান্ট কিলার’ তকমা পেয়েছিলেন শুভেন্দু। এবারও তাঁর প্রথম পছন্দ নন্দীগ্রাম। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, নিজের ঘরের মাটি থেকেই তিনি লড়াই শুরু করতে চান। শুভেন্দুর কথায়, “নন্দীগ্রামের মানুষ আমার সাথে আছেন, আর আমি তাঁদের সাথেই থাকব।”
রাজনৈতিক মহলে জল্পনা ছিল, এবার হয়তো শুভেন্দু নিজের কেন্দ্র পরিবর্তন করতে পারেন। কিন্তু বিরোধী দলনেতা সেই জল্পনা নস্যাৎ করে দিয়ে বুঝিয়ে দিলেন, তিনি পালানোর পাত্র নন। তিনি আরও বলেন, “নির্বাচন কমিশন এবার দুই দফায় ভোটের কথা বলেছে। আমরা চাইছি কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে মানুষ যেন নিজের ভোট নিজে দিতে পারেন। সন্ত্রাস রুখতে পারলে ফলাফল কী হবে, তা মাননীয়া ভালোই জানেন।”
২০২৬-এর এই মহারণে শুভেন্দুর মূল লক্ষ্য যে আবারও সরাসরি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ জানানো, তা তাঁর বডি ল্যাঙ্গুয়েজেই পরিষ্কার। প্রথম দফায় ১৫২টি আসনের মধ্যে শুভেন্দুর নিজের এলাকা পূর্ব মেদিনীপুরের ভোট কতটা প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার। নন্দীগ্রামের মাটি থেকে ফের একবার পরিবর্তনের ডাক দিয়ে বঙ্গ রাজনীতিতে ঝড় তুলতে তৈরি শুভেন্দু অধিকারী।