“সরকারের দফারফা করতে চেয়েছি আমরা!” ভোট ঘোষণার পরই তৃণমূল-কমিশনকে তুলোধোনা সেলিমের

নির্বাচন কমিশন বাংলায় মাত্র দুই দফায় ভোটের নির্ঘণ্ট ঘোষণা করার পরেই সুর চড়ালেন মহম্মদ সেলিম। তৃণমূল এবং নির্বাচন কমিশন—উভয়কেই কাঠগড়ায় দাঁড় করিয়ে তিনি সাফ জানিয়েছেন, বামেদের মূল লক্ষ্য সরকারের ‘দফারফা’ করা। দফার সংখ্যা নিয়ে মাথা না ঘামিয়ে তাঁর প্রধান প্রশ্ন—ভোট কি আদৌ অবাধ ও নিরপেক্ষ হবে?
কমিশনকে সেলিমের তোপ: মহম্মদ সেলিম প্রশ্ন তোলেন, “যারা সুস্থ ভোটার লিস্ট প্রণয়ন করতে পারে না, তারা কীভাবে সুষ্ঠ ভাবে অবাধ ও নিরপেক্ষ ভোট করবে?” কমিশনের দায়িত্ব মনে করিয়ে দিয়ে তিনি হুঁশিয়ারি দেন যে, তাঁরা শেষ দেখে ছাড়বেন।
তৃণমূল ও বিজেপির আঁতাঁত নিয়ে কটাক্ষ: সেলিমের অভিযোগ, বিজেপি এবং তৃণমূল সিএএ (CAA) ও এনআরসি (NRC)-র মতো ইস্যু তুলে বিভাজনের রাজনীতি করতে চেয়েছিল, যা সফল হতে দেবে না বামেরা। তিনি মনে করিয়ে দেন, বাম আমলে মমতা বন্দ্যোপাধ্যায় বেশি দফায় ভোটের দাবি তুলতেন, কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। সেলিমের কথায়, “ভোটের দফার সংখ্যা বড় কথা নয়, ভোটাররা ভয়হীনভাবে ভোট দিতে পারবেন কি না সেটাই আসল।”
আগামীকালই প্রার্থী তালিকা? সূত্রের খবর, কালই বামফ্রন্টের পক্ষ থেকে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হতে পারে। আক্রান্ত মানুষের পাশে থেকে সাংবিধানিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ডাক দিয়েছেন সেলিম।