‘বিজেপি গুন্ডারা খুনের চেষ্টা করেছে!’ মন্ত্রী শশী পাঁজার রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তাল বাংলা, কী বললেন অভিষেক?

২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই তপ্ত বাংলার রাজনীতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেডের সভার দিনেই কলকাতার গিরিশ পার্ক এলাকায় রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী শশী পাঁজার ওপর হামলার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনাকে ‘জঘন্য’ ও ‘কাপুরুষোচিত’ বলে আখ্যা দিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

রবিবার দক্ষিণ ২৪ পরগনার বড় কাছারি মন্দিরের সংলগ্ন নতুন দোকানঘর উদ্বোধনের ফাঁকেই এই নক্কারজনক ঘটনার কড়া নিন্দা করেন অভিষেক। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ (X) লেখেন, “আমাদের মন্ত্রী শশী পাঁজার ওপর এই জঘন্য ও নিন্দনীয় হামলার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তাঁর বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে এবং আমাদের কর্মীদের নির্মমভাবে মারধর করা হয়েছে। এমনকি তাঁকে লক্ষ্য করে ইট-পাথরও ছোঁড়া হয়েছে। খোদ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উৎসাহিত হয়ে বিজেপি গুন্ডারা একজন মহিলা মন্ত্রীর ওপর দিনদুপুরে হামলা চালাচ্ছে। এটা বাংলার প্রত্যেক মহিলার ওপর আক্রমণ।”

অভিষেক এই ঘটনার সঙ্গে ২০১৯ সালের স্মৃতি মনে করিয়ে দিয়ে বলেন, “সেদিন অমিত শাহের র‍্যালি থেকে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল। এটাই বিজেপির সংস্কৃতি। এই বহিরাগত বিজেপি জমিদাররা বাংলায় উস্কানির রাজনীতি আমদানি করতে চায়। বাংলা এই গেরুয়া গুন্ডাগিরি সহ্য করবে না।”

অন্যদিকে, আক্রান্ত মন্ত্রী শশী পাঁজা সরাসরি অভিযোগ করেছেন যে তাঁকে খুনের চেষ্টা করা হয়েছিল। তিনি বলেন, “প্রধানমন্ত্রীর র‍্যালিতে আসা বিজেপি কর্মীরা পূর্বপরিকল্পিতভাবে আমাকে খুনের চেষ্টা করেছে। এটা কোনো র‍্যালি নয়, এটা আসলে বি-গ্রেড র‍্যালি।” এই ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন এবং এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।