এবার প্রতিটি বুথে নজর রাখবে কমিশন! ১০০% ওয়েবকাস্টিং আর ভোটারের সংখ্যায় বড় বদল

২০২৬ বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপের ঘোষণা করলেন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। রবিবার দিল্লির বিজ্ঞান ভবন থেকে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রতিটি ভোটকেন্দ্রে এবার ১০০ শতাংশ ‘ওয়েব কাস্টিং’ করা হবে। অর্থাৎ, বুথের ভেতরে কী চলছে তা সরাসরি নজরদারি করবে কমিশন।
ভোটারদের সুবিধার্থে কমিশন জানিয়েছে, কোনো বুথেই এবার ১২০০-র বেশি ভোটার রাখা যাবে না। ভিড় এড়াতে অনেক জায়গায় বুথ প্রতি ৫০০ থেকে ৭০০ জন ভোটার রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। ভোটার তালিকা নিয়ে অভিযোগের প্রেক্ষিতে কমিশনার জানান, স্বচ্ছ নির্বাচনের মূল ভিত্তি হলো সঠিক ভোটার তালিকা। আর সেই কারণেই এসআইআর (SIR) প্রক্রিয়া জোরদার করা হয়েছে, যাতে কোনো বৈধ ভোটার বাদ না পড়েন এবং কোনো অবৈধ নাম তালিকায় না থাকে। পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে প্রায় ১৭ কোটি ৪০ লক্ষ ভোটার ৮২৪টি বিধানসভা কেন্দ্রে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন।