রতুয়ায় বন্দি মৃত্যুতে রণক্ষেত্র থানা! পুলিশের বিরুদ্ধে পিটিয়ে মারার অভিযোগে দেহ রেখে বিশাল বিক্ষোভ

মালদহের রতুয়ায় এক বিচারাধীন বন্দির মৃত্যুকে কেন্দ্র করে শনিবার রাতে চরম উত্তেজনা ছড়াল। গত ফেব্রুয়ারি মাসে এক ব্যবসায়ী খুনের ঘটনায় ধৃত ৫৫ বছর বয়সি ভোলা মণ্ডলের মৃত্যু হয়েছে মালদহ মেডিক্যালে। পরিবারের অভিযোগ, জেল হেফাজতে থাকাকালীন পুলিশের অকথ্য অত্যাচারে ভোলার মৃত্যু হয়েছে। শনিবার ময়নাতদন্তের পর দেহ গ্রামে পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।
রতুয়া থানার সামনে দেহ রেখে চলে প্রবল বিক্ষোভ। উত্তেজিত জনতা থানা চত্বরে ঢুকে পড়লে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। এরপর ১৩১-এ জাতীয় সড়ক অবরোধ করা হলে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। শেষমেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনী নামাতে হয়। মৃতের ছেলে সনাতন মণ্ডলের দাবি, কোনো প্রমাণ ছাড়াই তাঁর নির্দোষ বাবাকে তুলে এনে লকআপে অত্যাচার করা হয়েছে। যদিও পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে এবং ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত শুরু হয়েছে। বর্তমানে এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।