এবার ১৬০ কিমি গতিতে ছুটবে ট্রেন! হাওড়া-দিল্লি রুটে বসল ‘কবচ ৪.০’, ইতিহাস গড়ল পূর্ব রেল

রেল নিরাপত্তায় এক বৈপ্লবিক মাইলফলক অর্জন করল পূর্ব রেলওয়ে। হাওড়া-নয়াদিল্লি হাই ডেনসিটি রুটের হাওড়া-বর্ধমান-ছোটাআম্বানা সেকশনে সফলভাবে চালু হলো ভারতের নিজস্ব স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা ব্যবস্থা ‘কবচ’ (Kavach) ভার্সন ৪.০। এর ফলে এখন থেকে এই রুটে ১৬০ কিমি প্রতি ঘণ্টা বেগে ট্রেন চালানো আরও নিরাপদ হয়ে উঠল।
পূর্ব রেলের আসানসোল ও হাওড়া বিভাগের অধীনে থাকা ২৬০ কিলোমিটার দীর্ঘ এই রুটে আরএফআইডি (RFID) ট্যাগ, ৬০টি টাওয়ার এবং ৫২০ কিমি অপটিক্যাল ফাইবার ক্যাবল বসানো হয়েছে। এই সিস্টেমের বিশেষত্ব হলো, যদি লোকো পাইলট ভুলবশত সিগন্যাল অমান্য করেন বা ব্রেক কষতে ব্যর্থ হন, তবে ‘কবচ’ স্বয়ংক্রিয়ভাবে ট্রেনের গতি নিয়ন্ত্রণ করবে এবং ব্রেক প্রয়োগ করবে। এমনকি ঘন কুয়াশার মধ্যেও লোকো পাইলটের কেবিনে রিয়েল-টাইম সিগন্যাল পৌঁছে দেবে এই প্রযুক্তি। সেফটি ইন্টিগ্রিটি লেভেল ৪ (SIL-4) দ্বারা শংসাপত্র প্রাপ্ত এই ব্যবস্থায় ভুলের সম্ভাবনা ১০,০০০ বছরে মাত্র একবার। পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের মোট ৪৭টি স্টেশন ও ১৩টি লেভেল ক্রসিং গেট এখন এই উচ্চমানের নিরাপত্তা বলয়ের অন্তর্ভুক্ত।