৫ রাজ্যে বেজে গেল ভোটের বাদ্যি! বাংলায় ২ দফায় মহাযুদ্ধ, ৪ মে জানা যাবে মসনদে কে?

ভারতের পাঁচ রাজ্য—পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। রবিবার দিল্লির বিজ্ঞান ভবন থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এই মেগা নির্বাচনের দিনক্ষণ প্রকাশ করেন। আগামী ৯ এপ্রিল থেকে ভোটগ্রহণ শুরু হবে এবং সব কটি রাজ্যের ফলাফল ঘোষণা হবে ৪ মে।
সবচেয়ে বড় চমক দেখা গিয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। ২৯৪ আসনের এই রাজ্যে এবার মাত্র ২ দফায় ভোট হবে। প্রথম দফার ভোট ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল। অন্যদিকে, অসম, কেরল ও পুদুচেরিতে ভোট হবে ৯ এপ্রিল এবং তামিলনাড়ুতে নির্বাচন অনুষ্ঠিত হবে ২৩ এপ্রিল। মুখ্য নির্বাচন কমিশনার এই নির্বাচনকে ‘গর্বের উৎসব’ হিসেবে অভিহিত করে নতুন ভোটারদের উৎসাহিত করেছেন। কমিশনের নজর এখন অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দিকে, যার জন্য প্রতিটি রাজ্যে কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। বাংলার মসনদ কার দখলে থাকবে, তৃণমূল না কি বিজেপি—তার চূড়ান্ত উত্তর মিলবে আগামী ৪ মে।