বাংলায় ভোটের বাদ্যি বাজতেই বিস্ফোরক বিকাশ ভট্টাচার্য! নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে ‘অসাংবিধানিক’ তকমা

২০২৬-এর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগলেন প্রবীণ সিপিআইএম নেতা তথা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। রবিবার কমিশন ঘোষণা করেছে যে বাংলায় দুই দফায় (২৩ ও ২৯ এপ্রিল) ভোট গ্রহণ হবে। কিন্তু এই ঘোষণাকেই ‘অসাংবিধানিক’, ‘অযৌক্তিক’ এবং ‘অর্থহীন’ বলে আক্রমণ শানিয়েছেন বিকাশবাবু। তাঁর প্রধান অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের কাজ অসম্পূর্ণ রেখেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে।
বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দাবি, প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম ‘বিচারাধীন’ বা এসআইআর তালিকায় আটকে রয়েছে। তাঁদের ভোটাধিকার নিশ্চিত না করে ভোট ঘোষণা করা মানে গণতন্ত্রের অবমাননা। তিনি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “ভোটার তালিকা সম্পূর্ণ না করে নির্বাচন ঘোষণা করা কমিশনের চরম ব্যর্থতা। এটি কেবল অসাংবিধানিকই নয়, বরং আইনি জটিলতা আরও বাড়িয়ে দেবে।” তিনি আরও আশঙ্কা প্রকাশ করেছেন যে, এই পরিস্থিতির সুযোগ নিয়ে রাজ্যে গত এক দশকের বেশি সময় ধরে চলা ‘গোপন আতঙ্ক’ ও বিশৃঙ্খলা আবারও মাথাচাড়া দিতে পারে। দুই দফায় ভোট নাকি সাত দফায়—তা নিয়ে তাঁর মাথাব্যথা নেই, তাঁর একমাত্র দাবি ছিল প্রত্যেকের ভোটদান নিশ্চিত করা।