ভোটার তালিকায় ৬০ লক্ষ নামের ভবিষ্যৎ কী? অসম্পূর্ণ লিস্ট নিয়েই কি বঙ্গে ভোট ঘোষণা?

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দামামা আজই বেজে যাচ্ছে, কিন্তু তার মাঝেই বড়সড় বিতর্কের মুখে জাতীয় নির্বাচন কমিশন। আজ বিকেল ৪টেয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে চলেছেন। তবে বিস্ময়কর তথ্য হলো, রাজ্যে এখনও ভোটার তালিকা সংশোধন ও যাচাইয়ের কাজ সম্পূর্ণ হয়নি। প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম এখনও ‘বিবেচনাধীন’ বা ঝুলে থাকা অবস্থাতেই নির্বাচনী প্রক্রিয়ায় প্রবেশ করছে বাংলা।

কমিশন সূত্রে জানা গিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যে অসম্পূর্ণ তালিকা প্রকাশিত হয়েছিল, সেখানে এক বিশাল সংখ্যক ভোটারের নাম যাচাইয়ের অপেক্ষায় ছিল। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ১৮ লক্ষ নামের যাচাই প্রক্রিয়া শেষ হলেও এখনও এক বিশাল অংশের কাজ বাকি। বিশেষ করে কয়েকটি জেলায় এই যাচাই প্রক্রিয়ার গতি অত্যন্ত ধীর। পুরো বিষয়টি এখন কলকাতা হাইকোর্টের কড়া নজরদারিতে রয়েছে। প্রধান বিচারপতি সুজয় পালের তত্ত্বাবধানে ৭০০-র বেশি আধিকারিক দিনরাত এক করে এই তথ্য যাচাইয়ের কাজ করছেন।

প্রশ্ন উঠছে, যেখানে কয়েক লক্ষ ভোটারের ভাগ্য এখনও অনিশ্চিত, সেখানে ভোট ঘোষণা কতটা যুক্তিযুক্ত? সংশোধনের আগে রাজ্যে ভোটার সংখ্যা ছিল ৭ কোটি ৬৬ লক্ষ, যা বর্তমানে দাঁড়িয়েছে ৬ কোটি ৪৪ লক্ষে। অর্থাৎ এক বিশাল সংখ্যক নাম তালিকা থেকে বাদ যাওয়ার বা ঝুলে থাকার আশঙ্কায় রয়েছে। সূত্রের খবর, এই জটিলতা কাটাতে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ প্রয়োজন হতে পারে।

এদিকে রাজ্য নির্বাচন দপ্তর সূত্রে ইঙ্গিত মিলেছে, এবার ১৫ এপ্রিলের পর প্রথম দফার ভোট শুরু হতে পারে। দফার সংখ্যা গতবারের তুলনায় অনেকটাই কম হওয়ার সম্ভাবনা। ভোট ঘোষণার পরের দিনই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবেন। তবে অসম্পূর্ণ ভোটার তালিকা নিয়ে বিরোধীরা সুর চড়াতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। আদালতের সবুজ সংকেত পেলেই হয়তো ধাপে ধাপে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।