বিজয়কে উপমুখ্যমন্ত্রীর টোপ বিজেপির! তামিলনাড়ু দখলে সুপারস্টারের জন্য ৮০ আসন ছাড়তে রাজি দিল্লি

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগে দাক্ষিণাত্যের রাজনীতিতে বড়সড় চাল চালল বিজেপি। অভিনেতা-রাজনীতিবিদ বিজয়ের নতুন দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ (TVK)-কে এনডিএ (NDA) জোটে টানতে এক অভাবনীয় প্রস্তাব পাঠিয়েছে মোদী-শাহ জুটি। সূত্রের খবর, বিজয়কে উপমুখ্যমন্ত্রীর (Deputy CM) পদ দেওয়ার পাশাপাশি ২৩৪টি আসনের মধ্যে প্রায় ৮০টি আসন বিজয়ের দলকে ছেড়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।
কেন বিজয়কে চাইছে বিজেপি? তামিলনাড়ুতে বিজেপি ঐতিহাসিকভাবে দুর্বল হলেও বিজয়ের আকাশছোঁয়া জনপ্রিয়তা দিয়ে সেই খরা কাটাতে চায় তারা। এমনকি খবর মিলেছে, অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী তথা অভিনেতা পবন কল্যাণকে এই আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করা হচ্ছে। বিজেপির অঙ্ক পরিষ্কার—বিজয়ের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ২-৩ শতাংশ ভোট বাড়াতে পারলেই ডিএমকে-কে কড়া টক্কর দেওয়া সম্ভব হবে।
দ্বিধায় বিজয় শিবির: বিজয় আগে বিজেপিকে ‘আদর্শগত শত্রু’ বলেছিলেন। ফলে এখন জোট বাঁধলে তাঁর ‘স্বচ্ছ ভাবমূর্তি’ নষ্ট হতে পারে বলে আশঙ্কা করছেন টিভিকে-র অনেক নেতা। তবে সংগঠনের অভাব ও নির্বাচনী তহবিলের কথা ভেবে অনেকেই আবার জোটের পক্ষে সায় দিচ্ছেন। যদিও সরকারিভাবে দুপক্ষই এই আলোচনার কথা অস্বীকার করেছে, তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে—পর্দার আড়ালে আলোচনা এখন তুঙ্গে।