অশান্তির সময় কোথায় ছিল কেন্দ্রীয় বাহিনী? প্রশ্ন তুলে কড়া নির্বাচন কমিশন, বিশেষ নিরাপত্তায় মুড়ল আদালত চত্বর

উত্তর কলকাতার গিরিশ পার্কে মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলার ঘটনায় এবার সরাসরি হস্তক্ষেপ করল নির্বাচন কমিশন। শনিবারের রণক্ষেত্রের ঘটনায় কলকাতা পুলিশের কমিশনার সুপ্রতিম সরকারের কাছে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। এদিকে, এই ঘটনায় গ্রেফতার হওয়া ৯ জনকে আজ রবিবারই ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হচ্ছে। আদালত চত্বরে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
কমিশনের কড়া অবস্থান: কমিশন সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেডে সভার দিন শহরের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও কেন গিরিশ পার্কে প্রায় এক ঘণ্টা ধরে তাণ্ডব চলল, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। অশান্তির সময় কেন্দ্রীয় বাহিনীর অনুপস্থিতি কেন ছিল, তার জবাব দিতে হবে লালবাজারকে।
গ্রেফতারি নিয়ে বিতর্ক: ধৃতদের মধ্যে বরাহনগরের চরণজিৎ সিং-এর পরিবার পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছে। তাঁদের দাবি, চরণজিৎ কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন এবং ঘটনার সময় তিনি নিজের কর্মস্থলে ছিলেন। পুলিশ বিনা কারণে তাঁকে ও তাঁর বন্ধুদের তুলে এনেছে বলে অভিযোগ করেছেন তাঁর ভাই। অন্যদিকে, এলাকা এখনও থমথমে, পুলিশি টহল চলছে।