ভোটের আগে মেগা টার্গেট! ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ নিয়ে বড় ঘোষণা ফিরহাদের

বিধানসভা নির্বাচনের ঘণ্টা বাজার ঠিক কয়েক ঘণ্টা আগে শহরের অলিগলির সমস্যা মেটাতে মরিয়া কলকাতা পুরনিগম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের প্রকল্প ‘আমাদের পাড়া আমাদের সমাধান’-এর কাজে গতি আনতে এবার এক মাসের ডেডলাইন দিলেন মেয়র ফিরহাদ হাকিম। খোদ মেয়রের দেওয়া তথ্য অনুযায়ী, কলকাতায় এই প্রকল্পের কাজ এখনও পর্যন্ত হয়েছে মাত্র ৪০ শতাংশ, অর্থাৎ এখনও ৬০ শতাংশ কাজই বাকি।
কেন থমকে আছে কাজ? পুরনিগম সূত্রে খবর, এই প্রকল্প বাস্তবায়নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন ঠিকাদাররা। অতীতে পুরসভার কাজ করে বিপুল পরিমাণ টাকা বকেয়া থাকায় অনেক ঠিকাদারই এই কর্মসূচিতে অংশ নিতে উৎসাহ দেখাননি। যদিও পুরসভার পক্ষ থেকে দ্রুত টাকা মেটানোর আশ্বাস দেওয়া হয়েছে, তাও বিল সংক্রান্ত কিছু জটিলতায় কাজে দেরি হচ্ছে বলে জানা গিয়েছে।
পুরসভার অন্দরে প্রশ্ন ও মেয়রের আশ্বাস: সম্প্রতি মাসিক অধিবেশনে তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে প্রশ্ন তোলেন, ১৪৪টি ওয়ার্ডে কত টাকার কাজ হয়েছে এবং কত কাজ বাকি? উত্তরে মেয়র জানান, ৪,৮০০টি বুথের জন্য মোট ৩৬৪.৯৩ কোটি টাকা বরাদ্দ হয়েছে। হাতে মাত্র এক মাস সময় নিয়ে মেয়র দাবি করেন, দ্রুত এই বাকি ৬০ শতাংশ কাজ শেষ করে শহরবাসীকে স্বস্তি দেওয়া হবে। বিরোধীরা অবশ্য একে ‘নির্বাচনী চমক’ বলে কটাক্ষ করতে ছাড়েননি।