“অভিষেককে নিয়ে হিংসা হয়…’”-কোচ গম্ভীরের প্রিয় ছাত্র হওয়ার ফল? বিস্ফোরক সঞ্জু

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ভারতীয় দল এখন সাফল্যের শিখরে। তবে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি এবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ড্রেসিংরুমের রসায়ন। বিশেষ করে তরুণ তুর্কি অভিষেক শর্মা এবং কেরালা-পুত্র সঞ্জু স্যামসনের বন্ধুত্ব নিয়ে ক্রিকেট মহলে জোর চর্চা। সম্প্রতি অভিষেকের জনপ্রিয়তা নিয়ে এক মজার অথচ চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন সঞ্জু।
‘সবাই ওকে হিংসে করে!’ হেড কোচ গৌতম গম্ভীরের জমানায় অভিষেক শর্মার টানা সুযোগ পাওয়া নিয়ে নেটপাড়ায় বিতর্কের শেষ নেই। এরই মধ্যে সঞ্জু স্যামসন এক সাক্ষাৎকারে রসিকতা করে বলেন, “আগে দলের সবাই অভিষেককে নিয়ে হিংসে করত। সব জায়গায় শুধু ওরই নাম শুনতাম। আমরা ভাবতাম, লোকে কি শুধু ওকেই দেখতে পায়?” তবে হিংসে যে আসলে গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ, তাও স্পষ্ট করে দিয়েছেন সঞ্জু। অভিষেকের ‘সুপারস্টার’ ইমেজ দেখে সঞ্জুর পরামর্শ— “ভাই, এবার তাড়াতাড়ি বিয়েটা করে নাও!”
জুটি যখন ‘ফায়ার অ্যান্ড ফায়ার’ বিশ্বকাপের ফাইনালে ওপেনিং জুটিতে অভিষেক ও সঞ্জুর বিধ্বংসী ব্যাটিং দেখে ক্রিকেটপ্রেমীরা নাম দিয়েছিলেন ‘বরফ ও আগুন’ (Ice and Fire)। কিন্তু সঞ্জু এই তকমা মানতে নারাজ। তাঁর মতে, তাঁদের পার্টনারশিপ আসলে ‘ফায়ার অ্যান্ড ফায়ার’। সঞ্জু জানান, ২০২৪ সাল থেকেই তাঁরা বাইশ গজে আগুন ঝরিয়ে আসছেন।
কেরালা-পাঞ্জাবি কানেকশন কেরালার ছেলে সঞ্জু আর পাঞ্জাবের অভিষেক— দুই প্রান্তের দুই ক্রিকেটার কীভাবে এত ভালো বন্ধু হলেন? সঞ্জুর কথায়, “মাঠে ওপেনিং হোক বা মিডল অর্ডার, আমাদের মধ্যে কেরালা-পাঞ্জাবি এক দারুণ বন্ধুত্ব তৈরি হয়েছে। মাঠের ভেতরে তো বটেই, মাঠের বাইরেও আমরা একে অপরের সঙ্গ খুব উপভোগ করি। কথা বলে অনেক কঠিন পরিস্থিতি সহজ করে ফেলি।”
গম্ভীরের কোচিংয়ে অভিষেকের ফর্ম নিয়ে সমালোচনা থাকলেও, সঞ্জুর এই মন্তব্য বুঝিয়ে দিল যে ভারতীয় দলের অন্দরমহলে এই তরুণ অলরাউন্ডারের গ্রহণযোগ্যতা কতটা তুঙ্গে।