কেক কাটার ফাঁকে মেয়ের দুষ্টুমি, পাশে প্রেমিকা গৌরী! ইরফান পাঠানের শেয়ার করা ভিডিওতে নজর কাড়ল আমিরের পার্টি

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান পা দিলেন ৬১ বছরে। গত ১৪ মার্চ শনিবার রাতে নিজের বাসভবনেই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে ঘরোয়া মেজাজে জন্মদিন পালন করলেন অভিনেতা। তবে এই বিশেষ সন্ধ্যার সবথেকে বড় আকর্ষণ ছিল আমিরের প্রেমিকা গৌরী স্প্র্যাট-এর উপস্থিতি। প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠানের শেয়ার করা একটি ভিডিওর সৌজন্যে আমিরের এই ব্যক্তিগত মুহূর্ত এখন নেটপাড়ায় তুঙ্গে।
পার্টির অন্দরে কী কী ঘটল? ভিডিওতে দেখা যায়, আমিরের পরনে ছিল সাদামাটা স্ট্রাইপড টি-শার্ট ও কালো প্যান্ট। তাঁর দুই প্রাক্তন স্ত্রী রিনা ও কিরণের সন্তানরা— জুনাইদ, ইরা এবং আজাদ— সকলেই ক্যাজুয়াল পোশাকে হাজির ছিলেন। কেক কাটার সময় মোমবাতি না পেয়ে লাইটার জ্বালিয়ে বাবার জন্মদিন উদযাপন করেন মেয়ে ইরা খান। আমিরের মুখে কেক মাখিয়ে দেওয়ার মিষ্টি দৃশ্যটিও ভাইরাল হয়েছে। সবুজ কুর্তিতে প্রেমিকা গৌরীকে আমিরের ঠিক পাশেই হাসিমুখে দেখা গিয়েছে।
শুভেচ্ছাবার্তা ও লগান-স্মৃতি: প্রাক্তন স্ত্রী কিরণ রাও আমিরের প্রোডাকশন হাউসের একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, “আমার চিরকালের সিকান্দারকে জন্মদিনের শুভেচ্ছা।” এদিকে জন্মদিনের আবহে আমির তাঁর কালজয়ী সিনেমা ‘লগান’-এর স্মৃতিচারণাও করেছেন। তিনি জানান, প্রথমে স্ক্রিপ্ট শুনতে দ্বিধায় থাকলেও পরে গল্পের প্রেমে পড়ে যান। সেটে মনঃসংযোগ বাড়াতে পুরো কাস্ট ও ক্রু মিলে প্রতিদিন গায়ত্রী মন্ত্র শুনতেন বলেও জানান অভিনেতা।