ঘূর্ণাবর্তের জেরে লণ্ডভণ্ড হতে পারে বাংলা! বৃষ্টির স্পেল চলবে মঙ্গলবার পর্যন্ত, আজ কি ভিজবে আপনার জেলা?

রবিবারের সকালে মনোরম আবহাওয়ার পর এবার উদ্বেগ বাড়াল আলিপুর আবহাওয়া দফতর। আজ ১৫ মার্চ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মোট ১১টি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্তের জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে, যার ফলে আবহাওয়ার এই নাটকীয় পরিবর্তন।
দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঝোড়ো হাওয়ার ভ্রুকুটি: আজ দক্ষিণবঙ্গের দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎসহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। তবে আজ বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমলেও মঙ্গলবার পর্যন্ত এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি জারি থাকবে।
উত্তরবঙ্গে বৃষ্টির দাপট বেশি: উত্তরবঙ্গে আজ বৃষ্টির দাপট দক্ষিণবঙ্গের তুলনায় বেশি থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঝোড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। মালদা এবং দক্ষিণ দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হতে পারে।
কলকাতার পরিস্থিতি: কলকাতায় আজ সকাল থেকেই মেঘলা আকাশ দেখা গিয়েছে। তবে আজ তিলোত্তমায় বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম হলেও শুষ্ক আবহাওয়া পুরোপুরি ফিরছে না। আগামী দু-তিন দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে। কিন্তু সোমবার থেকে মেঘলা আকাশের কারণে ফের পারদ পতনের সম্ভাবনা রয়েছে। আপাতত মঙ্গলবার পর্যন্ত গোটা রাজ্যেই এই দুর্যোগের আশঙ্কা থাকছে।