সিপিএম ছেড়ে এসেই কি কপাল খুলল প্রতীকূরের? মমতা-অভিষেকের ‘নতুন তৃণমূলে’ একঝাঁক নতুন মুখ!

২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা। ঠিক তার আগেই তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে তুঙ্গে উঠেছে চর্চা। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘নতুন তৃণমূল’-এর বার্তাকে স্পষ্ট করে এবার তালিকায় যেমন থাকছে তারুণ্যের জয়গান, তেমনই থাকছে বিনোদন ও ক্রীড়া জগতের মহাতারকাদের ছোঁয়া।

মুখপাত্রদের জয়জয়কার: সূত্রের খবর, টিভি৯ বাংলার হাতে আসা তালিকা অনুযায়ী এবার একঝাঁক জনপ্রিয় মুখপাত্র বিধানসভার লড়াইয়ে নামতে পারেন। এই তালিকায় নাম রয়েছে বর্ষীয়ান সাংবাদিক ও নেতা কুণাল ঘোষের। এছাড়াও টিকিট পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন দেবাংশু ভট্টাচার্য, অরূপ চক্রবর্তী এবং তন্ময় ঘোষের মতো পরিচিত মুখেরা।

বাম শিবির থেকে আসা মুখ ও ছাত্র রাজনীতি: তালিকায় সবথেকে বড় চমক হতে পারে প্রতীকূর রহমান। সদ্য সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া এই যুব নেতাকে বিধানসভার টিকিট দিয়ে বড় বার্তা দিতে চাইছে শাসকদল। এছাড়াও ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য এবং জয়া দত্তর নাম নিয়েও জোর গুঞ্জন রয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সামিরুল ইসলামের মতো অভিজ্ঞ ব্যক্তিদেরও এবার বিধানসভার লড়াইয়ে দেখা যেতে পারে।

তারকা ও ক্রীড়াজগত: তৃণমূলের তালিকায় বরাবরই তারকারা বিশেষ গুরুত্ব পান। এবার শোনা যাচ্ছে, জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের নাম। গত বছর টলিউডের বিবাদ মিটে যাওয়ার পর স্বরূপ বিশ্বাসের নেতৃত্বের প্রশংসা করে শাসকদলের সাথে ঘনিষ্ঠতা বাড়িয়েছিলেন তিনি। এছাড়াও থাকতে পারেন গায়িকা ইমন চক্রবর্তী এবং অ্যাথলিট স্বপ্না বর্মন। সব মিলিয়ে এবার তারুণ্য, অভিজ্ঞতা এবং জনপ্রিয়তার এক মিশেল ঘটাতে চাইছে ঘাসফুল শিবির।