“বিয়ে করলেন, মিষ্টি খাওয়ালেন না তো?”-প্রধানমন্ত্রী মোদীর প্রশ্নে যা বললেন দিলীপ ঘোষ

ব্রিগেডের জনজোয়ারে যখন রাজনীতির পারদ তুঙ্গে, তখনই ঘটল এক অভাবনীয় এবং মজার ঘটনা। রাজনীতির ময়দানে যাঁকে সবসময় কড়া মেজাজে দেখা যায়, সেই দিলীপ ঘোষ খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশ্নে একেবারে কুপোকাত! বিষয়? দিলীপ ঘোষের বিয়ে এবং বকেয়া ‘মিষ্টি’।
মোদীর গুগলিতে লজ্জিত দিলীপ! শনিবার ব্রিগেডের সভা শেষে মঞ্চের নেতাদের সঙ্গে কুশল বিনিময় করছিলেন প্রধানমন্ত্রী। দিলীপ ঘোষের সামনে আসতেই হঠাৎ দাঁড়িয়ে পড়েন মোদী। মুচকি হেসে প্রশ্ন ছুঁড়ে দেন— “বিয়ে করলেন, কিন্তু মিষ্টি খাওয়ালেন না তো?” প্রধানমন্ত্রীর মুখে এমন ব্যক্তিগত এবং মজার প্রশ্ন শুনে মুহূর্তের জন্য থতমত খেয়ে যান দিলীপ। সতীর্থদের সামনে কিছুটা লজ্জায় লাল হয়ে ওঠেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি।
ভোট মিটলে দিল্লি পাড়ি রসগোল্লা নিয়ে এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন স্বয়ং দিলীপ ঘোষ। তিনি বলেন, “আমি ভাবতেও পারিনি উনি আমাকে এই প্রশ্ন করবেন! প্রথমে অবাক হয়ে গিয়েছিলাম। তবে প্রধানমন্ত্রীর মন খুব ভালো, ব্রিগেডের ভিড় দেখে উনি বেশ ফুরফুরে মেজাজে ছিলেন।” সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, ভোট মিটে গেলেই স্ত্রীকে সঙ্গে নিয়ে দিল্লি যাবেন এবং কলকাতার সেরা নলেন গুড়ের রসগোল্লা দিয়ে প্রধানমন্ত্রীর মান ভাঙাবেন।
দলে কি গুরুত্ব ফিরছে দিলীপের? বিয়ের পর আরএসএস (RSS) এবং দলের অন্দরে দিলীপ ঘোষের অবস্থান নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছিল। মাঝখানে বেশ কিছু কর্মসূচিতে তাঁকে দেখা না যাওয়ায় ‘একঘরে’ হওয়ার জল্পনাও ছড়িয়েছিল। কিন্তু শমীক ভট্টাচার্য রাজ্য সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকেই ‘আদি’ নেতাদের গুরুত্ব বাড়তে শুরু করেছে।
এদিন ব্রিগেডের মূল মঞ্চে মোদীর পাশে জায়গা পাওয়া এবং খোদ প্রধানমন্ত্রীর তাঁর ব্যক্তিগত জীবনের খোঁজ নেওয়া— এই দুইয়ে মিলে রাজনৈতিক মহলের ধারণা, বঙ্গ বিজেপিতে আবারও স্বমহিমায় ফিরছেন দিলীপ ঘোষ।