“মাঠ ছাড়তে ১০ সেকেন্ড, না মানলে শাস্তি!”-ফুটবল বিশ্বকাপে নিয়মে বড় বদল FIFA-র

আমেরিকা, মেক্সিকো ও কানাডার যৌথ উদ্যোগে আয়োজিত ২০২৬-এর ফিফা বিশ্বকাপ হতে চলেছে ইতিহাসের দীর্ঘতম ও বৃহত্তম। ৪৮টি দেশের এই লড়াইয়ে এবার রেফারি বা ভার (VAR)-এর ওপর ভরসা না করে সরাসরি নিয়মের কড়াকড়ি করতে চলেছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। মূলত ফুটবলারদের ‘সময় নষ্ট’ করার পুরনো কৌশল বন্ধ করতেই এই সার্জিক্যাল স্ট্রাইক।

কী কী নয়া নিয়ম আসছে? ১২ জুন থেকে শুরু হতে চলা এই মেগা টুর্নামেন্টে যে নিয়মগুলো ফুটবলারদের রাতের ঘুম কেড়ে নিতে পারে:

  • থ্রো-ইন ৫ সেকেন্ডে: এখন থেকে থ্রো-ইন নেওয়ার জন্য মাত্র ৫ সেকেন্ড সময় পাবেন ফুটবলাররা। এর বেশি দেরি হলে বল তুলে দেওয়া হবে প্রতিপক্ষের হাতে।

  • ১০ সেকেন্ডে মাঠ ত্যাগ: কোনও ফুটবলার পরিবর্তন (Substitution) হলে তাঁকে মাত্র ১০ সেকেন্ডের মধ্যে মাঠ ছাড়তে হবে। অন্যথায়, যিনি মাঠে নামবেন তাঁকে অতিরিক্ত ১ মিনিট সাইডলাইনের বাইরে অপেক্ষা করতে হবে। অর্থাৎ সেই সময় ১০ জনেই খেলতে হবে দলকে।

  • চোট পেলে ১ মিনিট বাইরে: ম্যাচ চলাকালীন মাঠের ভেতরে চিকিৎসা নিলে সংশ্লিষ্ট ফুটবলারকে বাধ্যতামূলকভাবে অন্তত ১ মিনিট মাঠের বাইরে থাকতে হবে। এটি করা হয়েছে মূলত চোটের নাটক করে সময় নষ্ট রুখতে।

ভার (VAR) প্রযুক্তিতেও বদল এখন শুধু গোল বা অফসাইড নয়, দ্বিতীয় হলুদ কার্ড বা কর্নার কিক নিয়ে কোনও বড় ভুল বা বিতর্ক হলেও হস্তক্ষেপ করতে পারবে ভিএআর প্রযুক্তি। ১৯৮৬-র মারাদোনার ‘হ্যান্ড অফ গড’ বা ২০০২-এ রিভালডোর নাটকের মতো ঘটনা যাতে আর না ঘটে, সেদিকেই নজর ফিফার।

বিশ্বকাপে নেই ইরান: রাজনীতি বনাম ফুটবল খেলার খবরের মাঝেই বড় ধাক্কা আন্তর্জাতিক রাজনীতিতে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে বিশ্বকাপ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। তাদের সাফ কথা, “আমেরিকা গণহত্যায় অভিযুক্ত, সেখানে গিয়ে ফুটবল খেলার মানে হয় না।” যদিও ফিফা এই বিষয়ে এখনও চূড়ান্ত কোনো আইনি ঘোষণা দেয়নি।