গাড়ি নিয়ে বেরোনোর আগে সাবধান! মোদীর ব্রিগেড সমাবেশ ঘিরে ট্র্যাফিক পুলিশের কড়া বিধিনিষেধ, দেখে নিন রুট ম্যাপ

আগামীকাল, শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাই-ভোল্টেজ ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে কার্যত দুর্ভেদ্য দুর্গে পরিণত হচ্ছে কলকাতা। বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র সমাপ্তি উপলক্ষে আয়োজিত এই মেগা মিছিলে লক্ষ লক্ষ মানুষের ভিড় সামাল দিতে শহরের ট্র্যাফিক ব্যবস্থায় আমূল পরিবর্তনের ঘোষণা করেছে লালবাজার। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার ভোর থেকে রাত পর্যন্ত শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

ভারী যান চলাচলে কড়া নিষেধাজ্ঞা পুলিশি নির্দেশিকা অনুযায়ী, শনিবার ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত কলকাতায় ভারী যানবাহনের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তবে সাধারণ মানুষের অসুবিধার কথা মাথায় রেখে জরুরি পরিষেবা যেমন— রান্নার গ্যাস (LPG), পেট্রোলিয়াম, অক্সিজেন, ওষুধ, দুধ, সবজি ও ফল বহনকারী গাড়িগুলিকে এই বিধিনিষেধের বাইরে রাখা হয়েছে।

কোন কোন রাস্তায় নজর থাকবে? প্রধানমন্ত্রীর ভিভিআইপি মুভমেন্ট এবং সমাবেশের জেরে এসপ্ল্যানেড র‍্যাম্প, কেপি রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউ এবং কুইনসওয়ে-র মতো গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে প্রয়োজন অনুযায়ী ট্র্যাফিক নিয়ন্ত্রণ করা হবে। পরিস্থিতির ওপর নির্ভর করে বেশ কিছু বাস ও ছোট গাড়িকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হতে পারে। এমনকি নির্দিষ্ট সময়ের জন্য ট্রাম পরিষেবাও সাময়িকভাবে স্থগিত রাখা হতে পারে।

পার্কিং সংক্রান্ত কড়াকড়ি শনিবার বেশ কিছু জায়গায় গাড়ি পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের পার্শ্ববর্তী এলাকা, হেস্টিংস ক্রসিং থেকে ক্যাথিড্রাল রোড, খিদিরপুর রোড এবং হসপিটাল রোডে কোনও গাড়ি দাঁড় করানো যাবে না। শহরবাসীকে অহেতুক যানজট এড়াতে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে কলকাতা ট্র্যাফিক পুলিশ।