পিউটার এলবার্সের ইস্তফার পরই বড় সিদ্ধান্ত! জ্বালানি সংকটে কি এবার সব এয়ারলাইন্সই পথে বসবে?

মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী যুদ্ধের ১৪তম দিনে এসে ভারতের আকাশপথে বড়সড় ধাক্কা। বিমানে জ্বালানির (ATF) লাগামছাড়া দাম বৃদ্ধির কারণ দেখিয়ে এক ধাক্কায় অনেকটা ভাড়া বাড়িয়ে দিল ভারতের বৃহত্তম উড্ডয়ন সংস্থা ইন্ডিগো। শুক্রবার সন্ধ্যায় সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আজ অর্থাৎ ১৪ মার্চ মধ্যরাত থেকেই নতুন বর্ধিত ভাড়া কার্যকর হচ্ছে। এর ফলে অভ্যন্তরীণ থেকে আন্তর্জাতিক— সব ধরনের টিকিট কাটতেই এখন যাত্রীদের অতিরিক্ত ‘ফুয়েল চার্জ’ দিতে হবে।

উড়ান সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, দেশের মধ্যে ভ্রমণের জন্য টিকিটের ওপর অতিরিক্ত ৪২৫ টাকা জ্বালানি কর দিতে হবে। ভারতীয় উপমহাদেশের জন্য এই একই নিয়ম প্রযোজ্য। তবে সবথেকে বেশি কোপ পড়বে আন্তর্জাতিক উড়ানে। ইউরোপ ভ্রমণের জন্য দিতে হবে অতিরিক্ত ২,৩০০ টাকা, আফ্রিকার জন্য ১,৮০০ টাকা এবং দক্ষিণ-পূর্ব এশিয়া ও চিনের ক্ষেত্রেও ১,৮০০ টাকা বাড়তি গুনতে হবে। মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের পকেট থেকে খসবে অতিরিক্ত ৯০০ টাকা। জ্বালানি মূল্য প্রায় ৮৫% বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে ইন্ডিগো।

তাৎপর্যপূর্ণভাবে, গতকালই ইন্ডিগোর সিইও পিউটার এলবার্স ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন। তাঁর জায়গায় অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিয়েছেন রাহুল ভাটিয়া। এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ইতিমধ্যেই গত ১০ মার্চ থেকে জ্বালানি কর চাপিয়েছে। ইরান হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি দেওয়ায় এবং যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে তেলের যোগান কমে যাওয়ায় আগামী দিনে অন্যান্য সংস্থাগুলিও যে একই পথে হাঁটবে, তা বলাই বাহুল্য।