রাষ্ট্রপতির অপমানের জের? শিলিগুড়ির পুলিশ কর্তা ও দার্জিলিংয়ের ডিএম-কে তলব কেন্দ্রের!

বঙ্গ রাজনীতিতে ফের কেন্দ্র-রাজ্য সংঘাতের দাবানল। এবার ইস্যু দার্জিলিংয়ের জেলাশাসক মণীশ মিশ্র এবং শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর। গত সপ্তাহে শিলিগুড়িতে আদিবাসীদের একটি অনুষ্ঠানে এসে প্রশাসনিক অসহযোগিতার অভিযোগে সরব হয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। খোদ রাষ্ট্রপতির ওই বিস্ফোরক অভিযোগের রেশ কাটতে না কাটতেই এবার দুই আইপিএস ও আইএএস অফিসারকে কেন্দ্রীয় ডেপুটেশনে তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
নবান্ন সূত্রের খবর, তিন দিনের মধ্যে ওই দুই আধিকারিককে ছাড়ার নির্দেশ দিয়ে চিঠি পাঠিয়েছে দিল্লি। তবে পাল্টা চাল দিতে দেরি করেনি রাজ্য সরকারও। কেন্দ্র ডেপুটেশনে চেয়ে পাঠানোর কয়েক ঘণ্টার মধ্যেই দার্জিলিংয়ের জেলাশাসক মণীশ মিশ্রকে দ্রুত বদলি করে নবান্নের স্বরাষ্ট্র দফতরে নিয়ে আসা হয়েছে। তাঁর জায়গায় দার্জিলিংয়ের নতুন জেলাশাসক করা হয়েছে সুনীল আগরওয়ালকে। তবে শিলিগুড়ির পুলিশ কমিশনারকে নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি রাজ্য।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই সংঘাতের মূলে রয়েছে রাষ্ট্রপতির সফর ঘিরে তৈরি হওয়া তিক্ততা। রাষ্ট্রপতি অভিযোগ করেছিলেন, প্রশাসনের অসহযোগিতার কারণেই আদিবাসীদের অনুষ্ঠানস্থল বদল করতে হয়েছিল। এরপরই দিল্লি থেকে এই তলব কার্যত নজিরবিহীন। এর আগে প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও একই ধরণের সংঘাত দেখেছিল বাংলা। এবারও রাজ্য সরকার যদি তাঁদের ছাড়তে অস্বীকার করে, তবে কেন্দ্র ও নবান্নের লড়াই কোন মোড় নেয়, এখন সেটাই দেখার।