যুদ্ধের আগুন এবার ওমানে, দুই ভারতীয়র মৃত্যুতে শোকের ছায়া! মাস্কাট থেকে ফিরছেন কাতারে কাতার মানুষ!

পশ্চিম এশিয়ার ইরান-আমেরিকা যুদ্ধ এবার গ্রাস করল ওমানকেও। শুক্রবার ওমানের শিল্প শহর সোহারের ‘আল আওয়াহি’ ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে একটি ভয়াবহ ড্রোন হামলায় দুই ভারতীয় শ্রমিকের মৃত্যু হয়েছে। ভারত সরকারের পক্ষ থেকে এই মর্মান্তিক খবরটি নিশ্চিত করা হয়েছে। হামলায় আরও দশজন ভারতীয় নাগরিক আহত হয়েছেন বলে জানা গিয়েছে। যদিও কোনো পক্ষ সরাসরি দায় স্বীকার করেনি, তবে আন্তর্জাতিক গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী এই ড্রোনটি ইরানের হতে পারে বলে প্রবল সম্ভাবনা রয়েছে।
বিদেশের মাটিতে ভারতীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিদেশ মন্ত্রকের যুগ্মসচিব অসীম মহাজান। তিনি জানান, ওমানের রাজধানী মাস্কাট থেকে ২০০ কিমি দূরে অবস্থিত সোহা শিল্পাঞ্চলে দু’টি ড্রোন ভেঙে পড়ে। একটি ড্রোন সরাসরি প্রবাসী শ্রমিকদের আবাসস্থলে আঘাত করে। আহত ১১ জনের মধ্যে ১০ জনই ভারতীয়। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর সমুদ্রে ভারতীয় নাবিকদের মৃত্যুর খবর এলেও, স্থলভাগে ভারতীয়দের প্রাণহানি এই প্রথম।
বর্তমানে পশ্চিম এশিয়ায় প্রায় এক কোটি ভারতীয় বসবাস করেন। যুদ্ধের ডামাডোলে ইতিমধ্যেই প্রায় দেড় লক্ষ ভারতীয় প্রাণভয়ে দেশে ফিরে এসেছেন। কাতার, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরশাহী থেকে বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে, ইরাকের বসরা উপকূলে ‘সেফসি বিষ্ণু’ নামক এক মার্কিন তেলবাহী জাহাজেও হামলার খবর মিলেছে, যেখানে একজন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। পরিস্থিতির ভয়াবহতা বিচার করে ভারত সরকার প্রতিটি দেশের দূতাবাসের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখছে।