কেকেআর শিবিরে শোকের ছায়া! কোটি কোটি টাকা দিয়ে রাখা এই তারকা পেসারই খেলবেন না ২০২৬-এ?

আইপিএল শুরু হতে আর মাত্র হাতে গোনা দিন কয়েক বাকি, ঠিক তার আগেই বজ্রপাত কলকাতা নাইট রাইডার্স শিবিরে। কোটিপতি লিগ শুরুর ঠিক দু’সপ্তাহ আগে ছিটকে গেলেন কেকেআরের অন্যতম প্রধান অস্ত্র হর্ষিত রানা। হাঁটুর চোটের কারণে পুরো টুর্নামেন্টেই পাওয়া যাবে না এই ২৪ বছর বয়সি স্পিডস্টারকে। নাইট রাইডার্স ম্যানেজমেন্টের জন্য এটি যে মস্ত বড় এক ধাক্কা, তা বলার অপেক্ষা রাখে না।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একটি প্রস্তুতি ম্যাচে হাঁটুতে চোট পেয়েছিলেন হর্ষিত। সেই চোটই এবার কাল হয়ে দাঁড়াল তাঁর জন্য। গত ৯ ফেব্রুয়ারি মুম্বইয়ে তাঁর অস্ত্রোপচার করা হয়। আশা করা হয়েছিল আইপিএলের মাঝপথে হয়তো মাঠে ফিরবেন তিনি, কিন্তু বর্তমান রিপোর্ট অনুযায়ী, পুরো টুর্নামেন্টে খেলার মতো ফিট নন তিনি। কেকেআরের একটি সূত্রের দাবি, “দুর্ভাগ্যবশত হর্ষিত রানাকে আমরা পাচ্ছি না। তবে আমাদের দলে বৈভব অরোরা, উমরান মালিক এবং আকাশ দীপের মতো প্রতিভাবান বোলাররা আছে। আশা করছি তারা এই শূন্যস্থান পূরণ করবে।” যদিও হর্ষিতের বদলি হিসেবে এখনও কারও নাম ঘোষণা করেনি নাইটরা।

কেকেআরের জার্সিতে গত দু’বছর ধরে সবচেয়ে ধারাবাহিক বোলার ছিলেন হর্ষিত। গতবার দলের ট্রফি জয়ে তাঁর ১৯টি উইকেটের গুরুত্ব ছিল অপরিসীম। ২০২৫ মরসুমের আগে ৪ কোটি টাকা দিয়ে তাঁকে রিটেন করেছিল কেকেআর। কেবল বোলিং নয়, লোয়ার অর্ডারে ঝোড়ো ব্যাটিংয়েও দক্ষ তিনি। রানার অনুপস্থিতিতে কেকেআরের পেস অ্যাটাক কিছুটা হলেও ভোঁতা হয়ে গেল। বিশেষ করে মাথিশা পথিরানার খেলা নিয়েও যখন সংশয় রয়েছে, তখন হর্ষিতের ছিটকে যাওয়া নাইট শিবিরের কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া করল। ২ এপ্রিল ইডেনে প্রথম হোম ম্যাচে নামার আগে এই খবর নাইট সমর্থকদের মনে রীতিমতো আতঙ্কের সৃষ্টি করেছে।