মিঠাই থেকে গোয়েন্দা? হইচই-এ ফিরছেন সৌমিতৃষা, এবার কোন রহস্যের জালে অভিনেত্রী!

ছোটপর্দার জনপ্রিয় ‘মিঠাই’ থেকে বড়পর্দার দেবের নায়িকা— সৌমিতৃষা কুণ্ডুর জয়যাত্রা অব্যাহত। তবে অনুরাগী মহলে সবথেকে বেশি চর্চা ছিল তাঁর ওটিটি ডেবিউ ‘কালরাত্রী’ নিয়ে। সিরিজের দুই সিজনেই সৌমিতৃষার অভিনয় ও রহস্যের টানটান বুনন দর্শককে বুঁদ করে রেখেছিল। এবার সেই রেশ কাটতে না কাটতেই এল বড় খবর। আবারও ‘হইচই’ (Hoichoi)-এর পর্দায় ফিরছেন টলিপাড়ার এই মিষ্টি নায়িকা।

টলিপাড়ার গুঞ্জন, এবারও একটি ক্রাইম-থ্রিলার সিরিজেই দেখা যাবে সৌমিতৃষাকে। সম্প্রতি অভিনেত্রী নিজের সমাজমাধ্যমে নীল সালোয়ার পরা কয়েকটি ছবি শেয়ার করেছেন, যা আদতে ‘হইচই’ স্টুডিওতে তোলা। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, আরও একবার এই প্ল্যাটফর্মের সঙ্গে কাজ করতে পেরে তিনি অত্যন্ত আপ্লুত। যদিও নতুন সিরিজের নাম বা পরিচালক নিয়ে তিনি এখনও মুখে কুলুপ এঁটেছেন, তবে নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার করে ফেলেছেন ইতিমধ্যেই। ‘কালরাত্রী’র আকাশছোঁয়া সাফল্যের পর এবার সৌমিতৃষা রহস্যের ফাঁদে পা দেবেন নাকি জটিল সমস্যার সমাধান করবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। তাঁর এই কামব্যাক নিশ্চিতভাবেই ওটিটির পারদ চড়াতে চলেছে।