বিয়ের আসরেই কনের রহস্যমৃত্যু! শ্রাবন্তীর ‘ঠাকুমার ঝুলি’ কি পারবে আসল খুনিকে ধরতে?

আশি বা নব্বই দশকের শৈশব মানেই রবিবার সকালে টিভির সামনে ‘ঠাকুমার ঝুলি’ দেখার উন্মাদনা। সেই নস্ট্যালজিয়া এবার ফিরছে একেবারে নতুন মোড়কে। তবে এবারের ঠাকুমা শুধু গল্প বলেন না, তিনি রহস্যের সমাধানও করেন! ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’ (Hoichoi)-এর আসন্ন অরিজিনাল সিরিজ ‘ঠাকুমার ঝুলি’-র ঝলক প্রকাশ্যে আসতেই টলিপাড়ায় শোরগোল পড়ে গিয়েছে। এই সিরিজের মাধ্যমেই ওয়েব দুনিয়ায় পা রাখছেন জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে গ্ল্যামারাস লুকে নয়, তাঁকে দেখা যাবে ৬০ বছর বয়সী তীক্ষ্ণবুদ্ধি সম্পন্ন গিরিজাবালা সান্যালের চরিত্রে।

সিরিজের ট্রেলারে দেখা যাচ্ছে, বিষ্ণুপুরের বাসিন্দা গিরিজাবালা দেবী ভীষণই বিচক্ষণ। অল্প বয়সে স্বামী এবং পরে ছেলেকে হারিয়েও তিনি ভেঙে পড়েননি, বরং একাকীত্ব তাঁকে শিখিয়েছে গভীর পর্যবেক্ষণ ক্ষমতা। তাঁর শান্ত জীবনে ঝড় ওঠে যখন বিদেশ থেকে ফেরে তাঁর নাতনি যাজ্ঞসেনী (দিব্যানী মণ্ডল), যে অপরাধ মনোবিজ্ঞানের ছাত্রী। গল্পের মোড় ঘোরে একটি হাই-প্রোফাইল বিয়ের আসরে। প্রতাপ সিংহ রায়ের ভাইজির বিয়েতে গিয়ে হঠাৎই মৃত্যু হয় কনের। সেটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত খুন? পুলিশের সমান্তরালে তদন্ত শুরু করেন গিরিজাবালা। একে একে বাড়ে লাশের সংখ্যা, ঘনীভূত হয় রহস্য।

অয়ন চক্রবর্তীর পরিচালনায় এই সিরিজে শ্রাবন্তীর সঙ্গে দেখা যাবে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, লোকনাথ দে এবং দেবরাজ ভট্টাচার্যর মতো অভিনেতাদের। ট্রেলার জুড়ে রহস্য, রোমাঞ্চ আর বুদ্ধির লড়াইয়ের এক টানটান মেজাজ ধরা পড়েছে। অনেকেই শ্রাবন্তীর এই নতুন অবতার দেখে মুগ্ধ। আগামী ২০ মার্চ থেকে স্ট্রিম হবে এই সিরিজ। এখন দেখার, শখের গোয়েন্দা গিরিজাবালা কি পারবে সিংহ রায় বাড়ির অন্দরে লুকিয়ে থাকা খুনিকে মুখোশহীন করতে?