‘মানুষ শুধু শান্তিতে ভোট দিতে চায়’, শমীকের দাবিতে কাঁপছে বঙ্গ রাজনীতি!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেগা সভার আগেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত তুলাধোনা করলেন বঙ্গ বিজেপির প্রধান শমীক ভট্টাচার্য। রাজ্যের কোণায় কোণায় বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র অভূতপূর্ব সাফল্যের খতিয়ান তুলে ধরে তিনি দাবি করেন, বঙ্গে পরিবর্তনের হাওয়া এবার স্পষ্ট। শমীকের কথায়, “পরিবর্তন যাত্রায় সর্বত্র সাধারণ মানুষ দুহাত তুলে বিজেপিকে আশীর্বাদ করেছেন।”

শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য জানান, এই যাত্রার মাধ্যমে তাঁরা মানুষের মনের খুব কাছে পৌঁছাতে পেরেছেন। তাঁর দাবি, শাসকদলের রক্তচক্ষু উপেক্ষা করেও মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছেন। তবে এই জনজোয়ারের পাশাপাশি একটি আশঙ্কার কথাও শোনা গেছে শমীকের গলায়। তিনি বলেন, “বাংলার মানুষ আমাদের কাছে একটাই আর্জি জানিয়েছেন— তাঁরা শান্তিতে ভোট দিতে চান।” প্রধানমন্ত্রীর সভার আগে শমীকের এই আক্রমণাত্মক মেজাজ এবং ‘শান্তিপূর্ণ ভোট’-এর দাবি রাজ্যের রাজনৈতিক পারদকে এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দিল। রাজনৈতিক মহলের মতে, মোদীর সফরের আগে এই মন্তব্য আদতে ঘাসফুল শিবিরের ওপর মানসিক চাপ তৈরির কৌশল।