ধান-গমের ‘মোহ’ ত্যাগের পরামর্শ সুপ্রিম কোর্টের! ডাল চাষে জোর দিতে কেন্দ্রকে নয়া নির্দেশ

দেশের কৃষিব্যবস্থায় এবার বড়সড় সংস্কারের ডাক দিল সুপ্রিম কোর্ট। বছরের পর বছর ধরে চলা ধান ও গমের চিরাচরিত বৃত্ত থেকে বেরিয়ে কৃষকদের বিকল্প চাষে, বিশেষ করে ডালজাতীয় শস্য উৎপাদনে উৎসাহিত করার জন্য কেন্দ্রীয় সরকারকে নতুন নীতি তৈরির পরামর্শ দিল শীর্ষ আদালত। শুক্রবার কিষাণ মহাপঞ্চায়েতের দায়ের করা একটি মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত ধান-গমের উৎপাদন ও প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন।
আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, উত্তর ও মধ্য ভারতে ধান-গমের বিকল্প হিসেবে ডাল চাষের প্রসার ঘটানো এখন সময়ের দাবি। একইভাবে দক্ষিণ ভারতেও ডাল চাষের ওপর জোর দিতে হবে। তবে এই লক্ষ্য পূরণ করতে গেলে কৃষি মন্ত্রকের সঙ্গে সরকারের অন্যান্য মন্ত্রকের সমন্বয় বাড়ানো জরুরি। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, কৃষকদের বিকল্প চাষে আগ্রহী করতে গেলে পর্যাপ্ত ন্যূনতম সহায়ক মূল্য (MSP) নিশ্চিত করতে হবে এবং উৎপাদিত ফসল বিক্রির সঠিক পরিকাঠামো গড়ে তুলতে হবে।
মামলার মূল কেন্দ্রবিন্দু ছিল বিদেশ থেকে শুল্কহীন ‘হলুদ মটর’ আমদানি। অভিযোগ, ২০২৬ সাল পর্যন্ত অবাধ আমদানির ফলে দেশের বাজারে ডালের দাম পড়ে যাচ্ছে, যার ফলে লোকসানের মুখে পড়ছেন প্রান্তিক চাষিরা। সুপ্রিম কোর্ট কেন্দ্রকে নির্দেশ দিয়েছে যাতে আমদানিকৃত ডালের দাম এমনভাবে নিয়ন্ত্রণ করা হয় যাতে দেশি চাষিদের স্বার্থ ক্ষুণ্ণ না হয়। অতিরিক্ত সলিসিটর জেনারেলকে সব পক্ষের সঙ্গে বৈঠক করে একটি স্থায়ী কৃষি নীতি প্রণয়নের নির্দেশ দিয়েছে আদালত।