‘সময়ের অভাব’! রাষ্ট্রপতির অ্যাপয়েন্টমেন্ট পেল না তৃণমূল, তুঙ্গে কেন্দ্র-রাজ্য সংঘাত

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পশ্চিমবঙ্গ সফরকে কেন্দ্র করে কেন্দ্র-রাজ্য রাজনৈতিক তরজা এবার পৌঁছে গেল দিল্লি পর্যন্ত। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে আবেদন জানানো হয়েছিল, তা ‘সময়ের অভাব’ দেখিয়ে খারিজ করে দিল রাষ্ট্রপতি ভবন। বৃহস্পতিবার এই খবর প্রকাশ্যে আসতেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলার রাজনীতি। যদিও হাল ছাড়তে নারাজ শাসক দল; সূত্রের খবর, আগামী সপ্তাহে ফের একবার সাক্ষাতের আবেদন জানিয়ে চিঠি দেওয়া হয়েছে।

ঘটনার সূত্রপাত রাষ্ট্রপতির সাম্প্রতিক উত্তরবঙ্গ সফরকে কেন্দ্র করে। সেখানে প্রোটোকল লঙ্ঘন এবং তাঁকে অভ্যর্থনা জানাতে রাজ্য সরকারের কোনো প্রতিনিধি না থাকা নিয়ে প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেছিলেন রাষ্ট্রপতি। পাল্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একে ‘রাজনৈতিক মন্তব্য’ বলে কটাক্ষ করেন। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই ডেরেক ও’ব্রায়েনের নেতৃত্বে এক প্রতিনিধি দল রাষ্ট্রপতির কাছে সময় চেয়েছিল। তৃণমূলের দাবি, রাজ্যের আদিবাসী উন্নয়ন প্রকল্পগুলি নিয়ে রাষ্ট্রপতিকে অবহিত করাই ছিল তাঁদের লক্ষ্য।

তবে রাষ্ট্রপতি ভবন থেকে সাক্ষাতের অনুমতি না মেলায় তৃণমূলের অন্দরে ক্ষোভ দানা বেঁধেছে। দলের নেতা জয়প্রকাশ মজুমদার জানিয়েছেন, তাঁরা এখনও আশাবাদী। অন্যদিকে বিজেপি একে তৃণমূলের ‘সাংবিধানিক ব্যর্থতা’ হিসেবে তুলে ধরছে। নবান্ন বনাম রাজভবন সংঘাতের পর এবার নবান্ন বনাম রাষ্ট্রপতি ভবনের এই টানাপড়েন আগামী দিনে কোন মোড় নেয়, এখন সেটাই দেখার।