গোল্ডেন আওয়ারে বাজিমাত! ওখলার হাসপাতালে ভ্রূণাবস্থার হৃদরোগ সারিয়ে নজির গড়লেন চিকিৎসকরা

পৃথিবীর আলো দেখার মাত্র ৪০ মিনিটের মধ্যে এক জটিল হৃদরোগের অস্ত্রোপচার সম্পন্ন করে নতুন জীবন পেল এক সদ্যোজাত। দিল্লির ওখলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের অসামান্য দক্ষতা ও নিখুঁত পরিকল্পনায় সম্ভব হয়েছে এই অসম্ভব কাজ। সাধারণত জন্মের পর চিকিৎসার প্রস্তুতি নেওয়া হয়, কিন্তু এক্ষেত্রে শিশুটি ভূমিষ্ঠ হওয়ার আগেই তার বাঁচার লড়াইয়ের নীল নকশা তৈরি করে ফেলেছিলেন বিশেষজ্ঞরা।
ঘটনার সূত্রপাত হয় যখন শিশুটির মা ৩০ সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন। আল্ট্রাসাউন্ড স্ক্যানে দেখা যায়, ভ্রূণের হৃৎপিণ্ডের একটি ভালভ অত্যন্ত সরু এবং হৃদযন্ত্রের পেশি দুর্বল হয়ে চারধারে তরল জমা হচ্ছে। চিকিৎসকদের পরিভাষায় এটি ছিল একটি অত্যন্ত জটিল ‘ফাটাল কার্ডিয়াক কেস’। দেরি করলেই প্রাণ সংশয়ের আশঙ্কা ছিল। পরিস্থিতির গুরুত্ব বুঝে ফর্টিস হাসপাতালের শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ নীরজ আওয়াস্থির নেতৃত্বে তৈরি হয় একটি মাল্টি-ডিসিপ্লিনারি টিম।
৩১তম সপ্তাহে শিশুটির জন্মের ১৫ মিনিটের মধ্যেই শুরু হয় অস্ত্রোপচার। ন্যূনতম কাটাছেঁড়া করে আধুনিক প্রযুক্তিতে তার হৃৎপিণ্ডের ভালভটি স্বাভাবিক করা হয়। চিকিৎসকরা জানান, ঠিক সময়ে অর্থাৎ ‘গোল্ডেন আওয়ার’-এর মধ্যে এই অস্ত্রোপচার হওয়ায় শিশুটি দ্রুত সাড়া দেয়। সময়ের আগে জন্ম নেওয়ায় ওজন কম থাকলেও, হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে সে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে। বৃহস্পতিবার তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। চিকিৎসকদের এই অভাবনীয় সাফল্যকে কুর্নিশ জানাচ্ছে সারা দেশের চিকিৎসা মহল।