মতুয়া ভক্তদের জন্য সুখবর! বারুণী মেলা উপলক্ষে একগুচ্ছ বিশেষ ট্রেনের ঘোষণা রেলের

মতুয়া সম্প্রদায়ের সবথেকে বড় উৎসব ‘বারুণী মেলা’ উপলক্ষে পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধার্থে বড়সড় ঘোষণা করল ভারতীয় রেল। আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত হতে চলা এই মেলায় প্রতি বছরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। সেই বিশাল ভিড়ের কথা মাথায় রেখে শিয়ালদহ ডিভিশন এবং পূর্ব রেলের তরফে একাধিক বিশেষ ট্রেনের (Special Train) তালিকা প্রকাশ করা হয়েছে।
রেল সূত্রের খবর, উত্তরবঙ্গ, অসম এমনকি ছত্তিশগড় থেকেও বিশেষ ট্রেন আসবে ঠাকুরনগরে। কাঠগোদাম থেকে ১৫ মার্চ ছাড়বে ০৫০৩০ স্পেশাল ট্রেন, যা নৈহাটি ও ব্যান্ডেল হয়ে ঠাকুরনগরে পৌঁছাবে। এছাড়াও অসমের লামডিং থেকে ১৫ মার্চ সকালে ছাড়বে ০৫৬০৪ স্পেশাল ট্রেন। উত্তরবঙ্গবাসীদের জন্য আলিপুরদুয়ার থেকে ১৫ মার্চ রাতে ছাড়বে ০৫৪৬৪ স্পেশাল ট্রেন, যা পরদিন দুপুরে বনগাঁ পৌঁছাবে। দূরপাল্লার যাত্রীদের জন্য জগদলপুর ও কেসিংগ থেকেও বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।
এই ট্রেনগুলি মূলত ঠাকুরনগর এবং বনগাঁ স্টেশনে পুণ্যার্থীদের পৌঁছে দেবে। ফেরার পথেও ভক্তদের সুবিধার্থে ১৬ থেকে ১৮ মার্চের মধ্যে ফিরতি ট্রেনের সময়সূচি রাখা হয়েছে। মেলা চলাকালীন শিয়ালদহ-বনগাঁ শাখাতেও অতিরিক্ত লোকাল ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে রেলের। রেল কর্তৃপক্ষের আশা, এই একগুচ্ছ বিশেষ ট্রেনের ফলে ভক্তরা যানজট এড়িয়ে নির্বিঘ্নে বারুণী স্নান সম্পন্ন করতে পারবেন।