সন্তানের মঙ্গল কামনায় নীলষষ্ঠী ২০২৬: কবে পড়বে ব্রত? জেনে নিন পুজোর শুভ সময় ও নিয়ম

বাঙালির বারো মাসে তেরো পার্বণের তালিকায় চৈত্র মাসের অন্যতম শ্রেষ্ঠ উৎসব হলো ‘নীলষষ্ঠী’। মূলত সন্তানদের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গীণ কুশল কামনায় বাংলার মায়েরা অত্যন্ত ভক্তিভরে এই ব্রত পালন করে থাকেন। ২০২৬ সালে চৈত্র সংক্রান্তির আগের এই বিশেষ দিনটি কবে এবং কীভাবে পালন করবেন, তা নিয়ে ইতিমধ্য়েই চর্চা শুরু হয়েছে।
তারিখ ও শুভ সময়: বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা ও জ্যোতিষ গণনা অনুযায়ী, ২০২৬ সালের নীলষষ্ঠী বা নীল পূজা অনুষ্ঠিত হবে আগামী ১৩ এপ্রিল, সোমবার (৩০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ)। পঞ্জিকা মতে, এদিন সন্তানদের নামে ‘নীল বাতি’ দেওয়ার সবথেকে প্রশস্ত সময় হলো বিকেল ৫টা ২ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের মধ্যে।
ব্রতের নিয়ম ও মাহাত্ম্য: পৌরাণিক কাহিনী অনুসারে, রাজা নীলধ্বজের কন্যা নীলাবতীর সঙ্গে মহাদেবের বিবাহ সম্পন্ন হয়েছিল চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন। সেই থেকে শিব-দুর্গার আরাধনার মাধ্যমে এই উৎসব পালিত হয়। অন্য এক লোককথা অনুযায়ী, মা ষষ্ঠীর পরামর্শে এক ব্রাহ্মণ দম্পতি অকাল মৃত্যু থেকে সন্তানদের রক্ষা করতে এই ব্রত শুরু করেছিলেন।
কীভাবে পালন করবেন?
-
নীলষষ্ঠীর দিন মায়েরা সারাদিন নির্জলা উপবাস পালন করেন।
-
পুজোর থালায় পঞ্চামৃত (দুধ, দই, ঘি, মধু, চিনি), গঙ্গাজল, বেলপাতা, নীল অপরাজিতা এবং ধুতরা ফুল রাখা হয়।
-
সন্ধ্যায় শিবলিঙ্গে জল ও দুধ ঢেলে প্রদীপ জ্বালিয়ে তবেই উপবাস ভঙ্গ করার রীতি।
-
মনে রাখবেন, ব্রতভঙ্গের সময় অন্ন বা ভাত খাওয়া নিষিদ্ধ। পরিবর্তে ফল, সাবু বা ময়দার তৈরি নিরামিষ খাবার গ্রহণ করা যায়।
গাজন ও চড়ক উৎসবের এই আবহে নীলষষ্ঠীর ব্রত বাংলার প্রতিটি ঘরে ঘরে আজও এক চিরন্তন মাতৃত্বের প্রার্থনা হয়ে অমলিন।