সোনার দামে রেকর্ড পতন! যুদ্ধ আবহেই সস্তা হলো হলুদ ধাতু, মধ্যবিত্তের মুখে হাসি?

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির দাবানল এবার সরাসরি আঘাত হানল বিশ্ব অর্থনীতি এবং ভারতের বাজারে। একদিকে যখন সেনসেক্স ও নিফটি সূচকে ধস নেমে বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে, ঠিক তখনই উল্টো ছবি ধরা পড়ল সোনা ও রূপোর বাজারে। শুক্রবার কলকাতার বাজারে সোনা ও রূপোর দামে বড়সড় পতন লক্ষ্য করা গিয়েছে। বিশেষ করে রূপোর দাম এক ধাক্কায় এতটা কমেছে যে, তা গত কয়েক মাসের মধ্যে নজিরবিহীন।
বাজার সূত্রে খবর, শুক্রবার প্রতি কেজি রূপোর দাম কমেছে প্রায় ১১,২৫০ টাকা। সোনার বাজারেও চিত্রটা একই। ২৪ ক্যারাটের পাকা সোনার দাম প্রতি ১০ গ্রামে ২,২৫০ টাকা হ্রাস পেয়েছে। অন্যদিকে, গয়না তৈরির ২২ ক্যারাট সোনার দাম প্রতি ১০ গ্রামে কমেছে ২,১০০ টাকা। মূলত আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং বিশ্ববাজারে বিনিয়োগের ধরনে পরিবর্তনের কারণেই এই দামের পতন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আজকের কলকাতায় বাজারদর:
-
২৪ ক্যারাট পাকা সোনা (বার): প্রতি ১০ গ্রাম ১,৫৮,২৫০ টাকা।
-
২৪ ক্যারাট পাকা সোনা (খুচরো): প্রতি ১০ গ্রাম ১,৫৯,০৫০ টাকা।
-
২২ ক্যারাট হলমার্কযুক্ত গয়না সোনা: প্রতি ১০ গ্রাম ১,৫১,২০০ টাকা।
-
খুচরো রূপো: প্রতি কেজি ২,৫৮,৫৫০ টাকা।
উল্লেখ্য যে, গয়না কেনার ক্ষেত্রে এই দামের ওপর আলাদা করে মেকিং চার্জ বা অলঙ্কার তৈরির মজুরি যুক্ত হবে, যা প্রতিটি শোরুম ভেদে ভিন্ন হতে পারে। বিয়ের মরশুমের মুখে এই আকস্মিক দামের পতন সাধারণ মানুষের জন্য বড় স্বস্তি নিয়ে এসেছে।