পা বাদ গিয়েছে, কোমায় নতুন সুপ্রিম লিডার? মোজতবা খামেনেইকে নিয়ে তোলপাড় বিশ্ব!

বাবা আয়াতোল্লাহ আলি খামেনেইয়ের মৃত্যুর পর ইরানের শাসনভার হাতে নিয়েছেন মোজতবা খামেনেই। কিন্তু মসনদে বসতে না বসতেই তাঁকে ঘিরে ঘনীভূত হচ্ছে রহস্যের কালো মেঘ। আন্তর্জাতিক মহলে গুঞ্জন, ইরানের এই নতুন সুপ্রিম লিডার বর্তমানে হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এমনকি একটি ব্রিটিশ ট্যাবলয়েডের দাবি অনুযায়ী, মোজতবার একটি পা বাদ গিয়েছে এবং তিনি বর্তমানে গভীর কোমায় আচ্ছন্ন।

গত ২৮ ফেব্রুয়ারি বিমান হামলায় মৃত্যু হয় পূর্বতন সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলি খামেনেইয়ের। সেই একই হামলায় মোজতবাও গুরুতর জখম হয়েছিলেন বলে দাবি করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের অভিঘাতে তাঁর পাকস্থলী ও যকৃৎ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে তেহরানের সিনা ইউনিভার্সিটি হাসপাতালে কড়া নিরাপত্তায় তাঁর চিকিৎসা চলছে। পরিস্থিতি এতটাই সংবেদনশীল যে, ওই হাসপাতালে সাধারণ রোগীদের প্রবেশাধিকার পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। ইরানের স্বাস্থ্যমন্ত্রী মহম্মদ রেজা জাফরঘান্দি, যিনি একজন অভিজ্ঞ যুদ্ধকালীন শল্যচিকিৎসক, তিনি নিজেই মোজতবার চিকিৎসার তদারকি করছেন বলে খবর।

তবে এই গোটা বিষয়টি নিয়ে ইরান সরকারের ভূমিকা সন্দেহের উর্ধ্বে নয়। অভিযোগ উঠছে, বিশ্বকে বিভ্রান্ত করতে ইরানের সরকারি টেলিভিশন চ্যানেলে মোজতবার পুরনো ভিডিও চালিয়ে দাবি করা হচ্ছে যে তিনি সম্পূর্ণ সুস্থ। নতুন সুপ্রিম লিডার নিজে প্রকাশ্যে এসে কোনো ভাষণ দিচ্ছেন না, বরং তাঁর বয়ান পাঠ করছেন সংবাদপাঠকরা। যা দেখে কূটনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, ইরান সরকার কোনো বড় সত্য গোপন করার চেষ্টা করছে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের আত্মসমর্পণের দাবি, আর অন্যদিকে নতুন শাসকের এই আশঙ্কাজনক পরিস্থিতি— সব মিলিয়ে পারস্য উপসাগরের রাজনীতি এখন অগ্নিগর্ভ।