১. সিলিন্ডার নেই তো কী? রান্না হবে স্টোভে! গ্যাসের বিকল্প হিসেবে রেশনে ফিরছে কেরোসিন

ইরান যুদ্ধের আবহে দেশজুড়ে হাহাকার শুরু হয়েছে রান্নার গ্যাসের। আকাশছোঁয়া দাম আর দীর্ঘ প্রতীক্ষার জেরে নাজেহাল সাধারণ মানুষ। এই সংকটজনক পরিস্থিতিতে আমজনতার হেঁশেল সচল রাখতে বড়সড় স্বস্তির খবর দিল কেন্দ্র। দীর্ঘ কয়েক বছর পর ফের রেশন দোকানে পুরোদমে ফিরছে কেরোসিন তেল। গ্যাসের বিকল্প হিসেবে স্টোভের ব্যবহার বাড়াতে রাজ্যগুলিকে অতিরিক্ত ৪০ হাজার কিলো কেরোসিন বরাদ্দ করেছে মোদী সরকার।
রেশনে কত দামে মিলবে কেরোসিন? পরিবেশ দূষণের অজুহাতে এক সময় রেশনে কেরোসিন সরবরাহ প্রায় বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে ‘অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন’-এর চিঠিতে সাড়া দিয়ে ফের কেরোসিন ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা যাচ্ছে, রেশন দোকানে কেরোসিনের দাম লিটার প্রতি ৫১ টাকা ৯৩ পয়সা থেকে ৫৫ টাকার মধ্যে থাকবে। তবে খোলা বাজারে চাহিদাও তুঙ্গে, সেখানে এখনই প্রতি লিটার তেলের দাম ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে। চাহিদা বাড়লে খোলা বাজারে দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
LPG বুকিং-এ নতুন কড়াকড়ি শুধু কেরোসিন ফেরানোই নয়, গ্যাসের কালোবাজারি রুখতে রান্নার গ্যাস বুকিং-এর নিয়মেও বড় বদল এনেছে কেন্দ্র। নতুন নির্দেশিকা অনুযায়ী:
-
শহরাঞ্চলে: দুটি গ্যাস সিলিন্ডার বুকিং-এর মাঝে অন্তত ২৫ দিনের ব্যবধান থাকতে হবে।
-
** গ্রামাঞ্চলে:** দুর্গম এলাকা ও গ্রামে এই সময়সীমা বাড়িয়ে ৪৫ দিন করা হয়েছে।
আগে এই ব্যবধান ছিল ২১ দিনের। মূলত মজুতদারি রুখতেই এই কঠোর পদক্ষেপ বলে জানিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী।
আতঙ্কের কিছু নেই: কেন্দ্র সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রী স্পষ্ট করেছেন যে, দেশে জ্বালানির বড় কোনো সংকট নেই। যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী কালোবাজারি করার চেষ্টা করছে, তাদের রুখতেই এই সিদ্ধান্ত। তবে রেশন দোকানে কেরোসিন ফিরে আসায় খুশি সাধারণ মানুষ থেকে রেশন ডিলাররা। তাঁদের মতে, গ্যাসের দাম যে হারে বাড়ছে এবং সরবরাহ যেভাবে ব্যাহত হচ্ছে, তাতে আপাতত স্টোভই মধ্যবিত্তের শেষ ভরসা।