আজই শেষ সুযোগ! যুবসাথীর টাকা নিয়ে বড় আপডেট দিলেন মমতা, আপনার অ্যাকাউন্টে ঢুকবে তো?

রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য খুশির খবর! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ, শুক্রবারই শেষ হতে চলেছে ‘যুবসাথী’ প্রকল্পের টাকা দেওয়ার প্রক্রিয়া। বৃহস্পতিবার জেলাশাসকদের সঙ্গে হাইভোল্টেজ বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, উপভোক্তাদের প্রাপ্য টাকা যেন দ্রুত তাঁদের হাতে পৌঁছায়। গত ৭ মার্চ ধর্মতলার ধরনামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী এই প্রকল্পের টাকা সরাসরি অ্যাকাউন্টে পাঠানোর ঘোষণা করেছিলেন। তারপর থেকেই দফায় দফায় উপভোক্তাদের মোবাইলে ঢুকছে মেসেজ।

টাকা পেতে কী কী শর্ত মানতে হবে? আবেদনকারীদের মনে সবথেকে বড় প্রশ্ন ছিল—টাকা পেতে কি আলাদা করে ব্যাঙ্কে ‘ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার’ (DBT) সক্রিয় করতে হবে? সরকারি নির্দেশিকা বলছে, যুবসাথী প্রকল্পের ১৫০০ টাকা পাওয়ার জন্য আলাদা করে ডিবিটি লিঙ্ক করার প্রয়োজন নেই। তবে একটি বিশেষ শর্ত অবশ্যই পূরণ করতে হবে। আবেদনকারী ফর্ম পূরণের সময় যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দিয়েছিলেন, সেই অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক বা আধার সিডিং থাকা বাধ্যতামূলক। ট্রেজারি থেকে সরাসরি আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টেই এই অনুদানের টাকা পাঠানো হচ্ছে।

আধার সিডিং না থাকলে কি টাকা মিলবে না? আধার সিডিং হলো এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে সরকারি রেকর্ডের সঙ্গে আপনার আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্টকে সংযুক্ত করা হয়। এর ফলে সঠিক উপভোক্তার কাছেই টাকা পৌঁছায়। যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক করা নেই, তাঁদের টাকা ঢুকতে সমস্যা হতে পারে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১ এপ্রিল থেকে টাকা দেওয়ার কথা থাকলেও ছাত্র-যুবদের সুবিধার্থে অনেক আগেই এই প্রক্রিয়া শুরু করা হয়েছে। যারা এখনও টাকা পাননি, তাঁদের আজকের মধ্যেই অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়ার কথা।