“মমতা মুসলিমদের প্রসাদ খাইয়ে ধর্ম নষ্ট করছেন!” হুমায়ুন কবীরের মন্তব্যে মালদায় সাম্প্রদায়িক বিতর্কের আগুন

বৃহস্পতিবার রাতে মালদার হরিশ্চন্দ্রপুরে এক দলীয় সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র সাম্প্রদায়িক উসকানির অভিযোগ উঠল বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বিরুদ্ধে। দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ রেশন ডিলারদের মাধ্যমে সংখ্যালঘুদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি। হুমায়ুনের দাবি, “মমতা বন্দ্যোপাধ্যায় কৌশল করে মুসলমানদের হারাম খাইয়ে দিচ্ছেন, ইমান দুর্বল করে দিচ্ছেন।”
হুমায়ুনের বিস্ফোরক দাবি:
হুমায়ুন কবীর স্পষ্ট বলেন, কোনো মুসলমানের কোনো অমুসলিম প্রকল্পের টাকা বা পুজোর প্রসাদ গ্রহণ করা উচিত নয়। তিনি আরও অভিযোগ করেন, সরকারি ২৮২ কোটি টাকা খরচ করে মমতা যে জগন্নাথ ধাম তৈরি করেছেন, তা আদতে আরএসএস নেতাদের হাতে তুলে দেওয়া হয়েছে। সরকারি টাকায় কোনো ধর্মীয় স্থান তৈরি করা যায় না বলেও তিনি দাবি করেন।
চর্তুমুখী আক্রমণ:
হুমায়ুনের এই মন্তব্যের প্রতিবাদে সরব হয়েছে সব পক্ষই। তৃণমূল নেতা মতিবুর রহমান একে বিজেপি-কে সুবিধা করে দেওয়ার রাজনীতি বলে ব্যাখ্যা করেছেন। অন্যদিকে বিজেপি নেতা কিষান কেডিয়া মনে করেন, মমতার প্রশ্রয়েই হুমায়ুনের মতো নেতাদের জন্ম হয়েছে। কংগ্রেস নেতা মোস্তাক আলম ও সিপিআইএম নেতা জামিল ফিরদৌস মালদার সম্প্রীতির ঐতিহ্য মনে করিয়ে দিয়ে হুমায়ুনকে ‘আগুন নিয়ে না খেলার’ হুঁশিয়ারি দিয়েছেন।